ফারহানের মৃত্যু মেনে নিতে পারছেন না মুনজেরিন

আপডেট : ১৮ জুলাই ২০২৪, ০৬:০৬ পিএম

ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ নিহত হয়েছে। আন্দোলনরত অবস্থায় ফারহানের মুখে গুলি লাগে। গুলিবিদ্ধ হলে সহপাঠীরা তাকে হাসপাতালে নেয়। কিন্তু ফারহানকে বাঁচানো যায়নি। তার মৃত্যুতে তার স্বজনদের পাশাপাশি শোকাহত তার শিক্ষিকা মুনজেরিন শহীদ। 

তার মৃত্যুতে সামাজিকমাধ্যম ফেসবুকে মুনজেরিন নিহত ফারহান ফাইয়াজের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, আমার ছাত্র ফারহান ফাইয়াজ আর নেই। কিছুদিন আগে আমি ওর সাথে গ্রামার নিয়ে একটি ভিডিও করেছিলাম। সে খুবই মেধাবী এবং অনেক নম্র-ভদ্র ছিল। আমি এটা বিশ্বাস করতে পারছি না। সে তার জীবনের ১৮ বছরও পূর্ন করতে পারল না।

এদিকে ফারহানের মা নাজিয়া খান ছেলের হত্যার বিচার চেয়ে বলেন, তারা আমার ছেলে ফারহান ফাইয়াজকে মেরে ফেলেছে। অথচ তার বয়স ১৮ হয়নি। আমি ফারহান ফাইয়াজ হত্যার বিচার চাই।

তিনি বিচারের জন্য তীব্র আকুতি জানিয়েছেন। ফেসবুকে ফারহানের বেশকিছু ছবি পোস্ট করেছেন। নাজিয়া খান বলেন, ফারহানের জন্ম ২০০৬ সালের ১২ সেপ্টেম্বর। আমি চাই আপনারা ফুসফুসের সমস্ত বাতাস একসঙ্গে করে চিৎকার করুন, এই পোস্ট শেয়ার করুন। আমরা ফারহান হত্যার বিচার চাই। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত