প্যারিস অলিম্পিকে ১৫ রাশিয়ান লড়বেন নিরপেক্ষ হিসেবে

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০৬:৩২ পিএম

অলিম্পিকে অতীতে রাশিয়ানদের দাপট দেখা গেছে বেশ। তবে ২০২১ টোকিও অলিম্পিকে রাশিয়ানরা নিরপেক্ষ ভাবে অংশ নিতে হয়েছিল ডোপিং কেলেঙ্কারির কারণে। এবারের প্যারিস অলিম্পিকেও রাশিয়ান অ্যাথলেটরা নিজ দেশের পতাকার তলে খেলতে পারবেন না।

তারা খেলবেন নিরপেক্ষ অ্যাথলেট হিসেবে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে অলিম্পিকে নিষিদ্ধ দেশটি। এ নিয়ে টানা চারটি অলিম্পিকে নিষিদ্ধ রাশিয়া। দুটি গ্রীষ্মকালিন, দুটি শীতকালিন।

টোকিও অলিম্পিকে ৩৩৫ জন রাশিয়ান অ্যাথলেট থাকলেও এবার সংখ্যাটা মাত্র ১৫। ৩৬ জনকে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি) আমন্ত্রন জানালেও ১৫ জন অংশ নিচ্ছেন। অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের প্যারেডেও অংশ নিতে পারবেন না দেশটির ক্রীড়াবিদরা। পদক পেলেও তাদের পদক নেওয়ার সময় বাজানো হবে না কোন জাতীয় সংগীত।

১৯৮৪ সাল থেকে রাশিয়া প্রতিটি অলিম্পিকে মেডেল তালিকাতে শীর্ষ চারে ছিল। ২০২০ টোকিও অলিম্পিকে আরওসি (রাশিয়ান অলিম্পিক কমিটি) অধিনে রাশিয়ানরা মেডেল পায় ৭১টি। স্বর্ণ পেয়েছিল ২০টি। স্বর্ণ পাওয়ার হিসেবে তালিকার পাঁচে ছিল রাশিয়ানরা।

যুক্তরাষ্ট্রের হয়ে ২০০৮ অলিম্পিকে জিমনাস্টিকসে রৌপ্য জেতা সামান্থা পেসজেক বলেন, 'রাশিয়ানরা সব সময় মেডেলের দাবিদার, সেটা দলগত হোক বা এককভাবে। তারা সব সময়ই প্রতিপক্ষকে কঠিন পরীক্ষায় ফেলে। তাদের ইতিহাস বলে অলিম্পিকে ভালো করার বিষয়টি।'

২০১২ ও ২০১৬ অলিম্পিক আসরে নারী জিমনাস্টিকসে দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছিল যুক্তরাষ্ট্র। তবে ২০২০ এ তাদের স্বর্ণ হাতছাড়া হয়েছিল রাশিয়ানদের কাছে হেরে। এবার রাশিয়ার কোন জিমনাস্ট নেই, নারী বিভাগে। তাই প্যারিস অলিম্পিকে জিমনাস্টিকসে নারী দলগত ইভেন্টে ফেভারিট যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের সুনি লি যিনি গতবার ইনডিভিজুয়াল অলরাউন্ডে স্বর্ণ জিতেছিলেন বলেন, 'আমরা জিমনাস্টিকসে এবার দলগত স্বর্ণ চাই। বলতে গেলে ২০২০ এর দলই আছে আমাদের। তাই এবার সম্রাজ্য পুনঃরুদ্ধারের পালা।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত