প্যারিস অলিম্পিক শুরুর আগে বিতর্কে জড়িয়ে পড়ল নিউজিল্যান্ড আর কানাডার অলিম্পিক কর্তৃপক্ষ। নিউজিল্যান্ড অলিম্পিক কমিটি দাবি করেছে যে, ড্রোন উড়িয়ে তাদের নারী ফুটবল দলের অনুশীলন রেকর্ড করছিলেন কানাডা অলিম্পিক দলের একজন সাপোর্ট স্টাফ। এই অভিযোগের পর অফিসিয়াল বিবৃতির মাধ্যমে ক্ষমা চেয়েছে কানাডা অলিম্পিক কমিটি।
দিন তিনেক আগে অনুশীলনের সময় এক কানাডিয়ান সাপোর্ট স্টাফকে ড্রোন ওড়াতে দেখেন নিউজিল্যান্ডের খেলোয়াড়েরা। তারা সাথে সাথেই কর্তব্যরত পুলিশকে বিষয়টি অবগত করলে পুলিশ সেই ড্রোন এবং তার অপারেটরকে আটক করে। এরপর ঘটনাটি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে অভিযোগ দায়ের করে নিউজিল্যান্ড। এক বিবৃতিতে কিউই অলিম্পিক কমিটি এই ঘটনায় ‘গভীর দুঃখ এবং হতাশা’ প্রকাশ করেছে।
এরপর কানাডিয়ান অলিম্পিক কমিটি এক বিবৃতিতে দুঃখপ্রকাশ করে জানায়, “নিউজিল্যান্ড ফুটবল দলের অনুশীলনের সময় ড্রোন দিয়ে ভিডিও করার অভিযোগে কানাডার এক সাপোর্ট স্টাফকে আটক করেছে ফ্রান্স কর্তৃপক্ষ। কানাডিয়ান অলিম্পিক কমিটি সবসময় ফেয়ার প্লেতে বিশ্বাস করে। এই ঘটনায় আমরা হতবাক এবং হতাশ। আমরা নিউজিল্যান্ড ফুটবল, তাদের খেলোয়াড় এবং নিউজিল্যান্ড অলিম্পিক কমিটির কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি এবং বিষয়টি আমরা পর্যালোচনা করে দেখব।”
