নরসিংদী কারাগার পরিদর্শনে সেনাপ্রধান, আরও ১৯০ কয়েদির আত্মসমর্পণ

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০৯:০৭ পিএম

দুর্বৃত্তের হামলায় ক্ষতিগ্রস্ত নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার দুপুরে তিনি কারাগার পরিদর্শন করেন। নরসিংদী কারাগারে ভাঙচুর, অগ্নিসংযোগ, অস্ত্র লুট ও আসামিদের বের করে নেওয়ার ঘটনার ৫ দিন পর সেনাপ্রধান এ কারাগার পরিদর্শন করেন।

এর আগে হেলিকপ্টার যোগে নরসিংদী মুছলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অবতরণ করেন সেনাপ্রধান। পরে দুপুর ১টা ২০ মিনিটে তিনি নরসিংদী জেলা কারাগারে যান। এ সময় নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশে চলমান সহিংসতার মধ্যে দুর্বৃত্তরা শুক্রবার বিকালে নরসিংদী জেলা কারাগারে ভাঙচুর, অগ্নিসংযোগ, অস্ত্র ও গুলি লুট করে ৮২৬ জন আসামি ছেড়ে দেয়। সোমবার জেলা প্রশাসন কারাগার থেকে পলায়নকারী সকল বন্দিকে  আত্মসমর্পণের নির্দেশ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে। এরই প্রেক্ষিতে কয়েদিরা আইনজীবীদের মাধ্যমে কারাগারে আত্মসমর্পণ করে। বুধবার পর্যন্ত নরসিংদী আদালতে ৩৩১ জন কয়েদি আত্মসমর্পণ করেছে। আর পুলিশ কারাগার থেকে লুট হওয়া ৩৯টি অস্ত্র ও ১১০০ গুলি উদ্ধার করেছে।

বুধবার পর্যন্ত নরসিংদী আদালতে ৩৩১ জন কয়েদী আত্মসমর্পণ করেছে

নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম বলেন, কয়েদিরা আইনজীবীদের মাধ্যমেই কারাগারে থাকে।  ঘটনার পর থেকেই আইনজীবীরা কয়েদিদের সাথে যোগাযোগ করে আইনের আশ্রয়ে নিয়ে আসার জন্য কাজ করছে। আমাদের ডাকে সাড়া দিয়ে তারা আত্মসমর্পণ করছে। আমরা আশাবাদী ধীরে ধীরে আরো কয়েদী আত্মসমর্পণ করবে।

নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, চলমান সহিংসহতার ঘটনায় জেলার বিভিন্ন থানায় পৃথক ৮টি মামলা হয়েছে। কারাগারে হামলার ঘটনায় সাবেক জেলার কামরুল ইসলাম বাদী হয়ে ২টি মামলা দায়ের করেছেন। বুধবার নাশকতার ঘটনায় অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেপ্তার ও ৩৯টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম জানান, বুধবার নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া ১৯০ কয়েদি  আদালতের মাধ্যমে আত্মসমর্পণ করেছে। এ নিয়ে পালিয়ে যাওয়া ৩৩১ কয়েদি ফিরে এসেছে। বর্তমানে কারাগারে নিরাপত্তায় বিজিবি ক্যাম্প নিয়োজিত রয়েছে। আর জেলার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে মাইকিং করা হচ্ছে যেন কয়েদিরা নিকটস্থ থানা, কারাগার বা আদালতে আত্মসমর্পণ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত