সোশ্যালে বিচারকের মানহানি করায় লাখ টাকা জরিমানা

আপডেট : ২৫ জুলাই ২০২৪, ০৭:৫৬ পিএম

সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে বিচারকদের মানহানির অভিযোগ উঠেছিল ভারতের দিল্লির বাসিন্দা উদয় পাল সিংহের বিরুদ্ধে। এ নিয়ে মামলাও চলছিল দিল্লি হাইকোর্টে। সম্প্রতি ওই মামলায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছেন আদালত।

হাইকোর্টের বিচারপতি সুরেশকুমার কাইৎ ও বিচারপতি মনোজ জৈনের বেঞ্চে ওই ব্যক্তি নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। তা গ্রহণ করে দোষী সাব্যস্ত ব্যক্তিকে এক লাখ রুপি জরিমানার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। খবর এনডিটিভির।

এই মামলায় হাইকোর্টে হলফনামা জমা দিয়ে অভিযুক্ত জানান, আদালত কিংবা বিচারকদের মানহানির কোনো উদ্দেশ্য ছিল না তার। একটি মামলার পরিপ্রেক্ষিতে নিজস্ব মতামত জানানোর জন্যই তিনি ওই ভিডিও আপলোড করেন।

নির্দেশনামায় দিল্লি হাইকোর্ট উল্লেখ করেছেন, যে ব্যক্তি মানহানি করেন, তিনি আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। ২০২২ সালের ২৪ আগস্ট তিনি যে ভিডিও আপলোড করেছিলেন, তার পরিণতি কী হতে পারে, সেটা তিনি অনুধাবন করতে পারেননি।

আদালতের সময় নষ্ট করার জন্য তাকে জরিমানা বাবদ এক লাখ রুপি জমা দিতে বলেছেন দিল্লি হাইকোর্ট। অভিযুক্ত ব্যক্তি তাতে রাজি হয়েছেন। ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে দুই সপ্তাহের মধ্যে জরিমানার টাকা আদালতের রেজিস্ট্রিতে জমা দিতে হবে। জরিমানার এই অংক জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত হবে বলে জানিয়েছেন দিল্লি হাইকোর্ট।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত