বগুড়ার শেরপুরে জমিজমাসংক্রান্ত পূর্ববিরোধের জেরে জমি থেকে সদ্য লাগানো ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোখলেছার রহমান বাদী হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
সরেজমিনে শুক্রবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার কুসুম্বী ইউনিয়নের দক্ষিণ আমইন গ্রামের মাঠে গিয়ে দেখা যায়, উপড়ে ফেলা ধানের চারাগুলো জমির পানিতে ভাসছে।
অভিযোগসূত্রে জানা যায়, মোখলেছার রহমান রেজিস্ট্রি দলিলমূলে তার নিজ নামে কেনা ২১ শতাংশ জমিতে দীর্ঘদিন ধরে ধান চাষ করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় এবারও তিনি জমিতে ধান রোপণ করেন। গত বৃহস্পতিবার বেলা ১টার দিকে একই এলাকার মৃত আফছার আলীর চার ছেলে আবদুস সালাম (৪৫), আবু সাঈদ (২২), আলম হোসেন (৩২) ও শাহিনুর রহমান (২৫) এসে সদ্য লাগানো ধানের চারা উপড়ে ফেলেন। এমন ক্ষতি করার কারণ জানতে চাইলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করার সঙ্গে সঙ্গে মেরে ফেলার হুমকিও দেন।
কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী কৃষক মোখলেছার রহমান বলেন, ‘২০ হাজার টাকা খরচ করে জমিতে চারা রোপণ করেছিলাম। ফসলের সঙ্গে এতটা নিষ্ঠুরতা মানুষ করতে পারে—তা ভাবতেই পারিনি।’ দ্রুত দোষীদের শাস্তি দাবি করেন তিনি।
এ বিষয়ে শেরপুর থানার এসআই শাহাদৎ হোসেন বলেন, ‘অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
