থমথমে পাকিস্তান, সমাবেশের আগেই ইসলামাবাদ-পাঞ্জাবে ১৪৪ ধারা

আপডেট : ২৬ জুলাই ২০২৪, ০৬:৩৩ পিএম

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং জনবহুল প্রদেশ পাঞ্জাবে ১৪৪ ধারা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রাদেশিক সরকার। জামায়াতে ইসলামি পাকিস্তান, জামিয়াত উলেমা ই ইসলাম-ফজলসহ (জেইউআই-এফ) বিভিন্ন ইসলামি দল এবং তেহরিক-ই ইনসাফের (পিটিআই) ঘোষিত সমাবেশের আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জিও নিউজ।

সম্প্রতি বিদ্যুতের দাম প্রায় দ্বিগুণ বাড়িয়েছে পাক সরকার। এর প্রতিবাদে বিক্ষোভ করছে জামায়াতে ইসলামী। গতকাল বৃহস্পতিবার ধর্ম অবমাননার দায়ে বন্দি জনৈক মোবারক সানির মামলার রায় পুনর্বিবেচনা করার ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্ট। এই ইস্যু নিয়ে শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ ঘোষণা করে জেইউআই-এফ এবং অন্য ধর্মীয় দলগুলো। 

অন্যদিকে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে শুক্রবার বিক্ষোভ করার কথা পিটিআইয়ের। সব মিলিয়ে উত্তাল রাজধানী ইসলামাবাদ ও পাঞ্জাব প্রদেশ।

জিও নিউজ জানিয়েছে, শুক্রবার রাজধানী ইসলামাবাদকে কার্যত বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। রাজধানীর প্রতিটি সংযোগ সড়ক ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে পুলিশ। সেই সঙ্গে শহরজুড়ে নিরাপত্তা বাহিনীর টহল দিচ্ছে।

পাকিস্তান জামায়াতে ইসলামি, জেইউআইএফ এবং পিটিআইয়ের একাধিক নেতা জানিয়েছেন, গত দুই দিন ধরে এসব দলের নেতাকর্মী-সমর্থকদের গ্রেপ্তার করতে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী এবং ইতোমধ্যে গ্রেপ্তারের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত