কয় প্রজন্মের মন বিষিয়ে তুলছেন এটা কি বুঝতে পারছেন, প্রশ্ন ফারুকীর

আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০৪:০৫ পিএম

নির্মাণের বাইরে বরাবরই নানা প্রতিবাদে সরব থাকতে দেখা যায় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে। চলমান কোটা আন্দোলনেও ব্যতিক্রম হয়নি। কারফিউ ও গণগ্রেপ্তার নিয়ে মুখর ছিলেন তিনি। একের পর পোস্ট দিয়ে সোশ্যালে জানাচ্ছেন প্রতিবাদ।

এরমধ্যে শনিবার বিকেলে দেশের সরকারের উদ্দেশে লিখলেন কিছু বার্তা। সংগীতশিল্পী অর্ণবের আঁকা দুটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘মানুষের ক্ষোভের ভাষা পাঠ করেন। গায়ক-শিল্পী অর্ণবের আঁকা এই দুইটা ছবি আর সাথের কোলাজ (কে বানিয়েছে জানতে পারিনি) সেই ক্ষোভেরই একটা ছোট উদাহরণ।

এ রকম আরও বহু মানুষকে দেখেছি, যারা বিএনপি করে না, অনেকে আছে কোনো দলই করে না, কেউ কেউ ট্র্যাডিশনালি সফ্‌ট টু আওয়ামী লীগ, সবাই প্রচণ্ড ক্ষুব্ধ। মনে রাখবেন, অরুন্ধতী রায়ের কথাটা, মানুষের মনের ভেতরের ক্ষোভ আর ঘৃণার চেয়ে বিধ্বংসী কোনো মারণাস্ত্র নাই।’

তিনি আরও লিখলেন, ‘কোথায় ছাত্র-কিশোর-শিশু হত্যাকারীদের বিচার দেখার কথা, সেখানে আমাদের প্রতিদিন ঘুম থেকে উঠে শুনতে হচ্ছে উদ্ভট সব কাহিনি! এসব আজব শাক (পাবলিক রিলেশন্স) দিয়ে কি লাশের মিছিল ঢাকা যাবে? গেছে কোনো কালে? সারা দুনিয়ার মিডিয়া কী বলছে দেখেন। এমনকি পাশের দেশ ভারতে কী বলা হচ্ছে সেটাও দেখেন।’

বর্তমান সময়ের পুলিশের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন এই পরিচালক। তাদের প্রসঙ্গ টেনে নির্মাতা লিখেন,
‘এখন শুনছি লুঙ্গি খুলে ধর্ম চেক করার মতো ছেলেমেয়েদের মোবাইল চেক করা হচ্ছে রাস্তাঘাটে! রাতের বেলা বাচ্চাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে! এটা কি কোনো অধিকৃত ভূমি? নাকি স্বাধীন দেশ? কয় প্রজন্মের মন বিষিয়ে তুলছেন এটা কি বুঝতে পারছেন? মানুষ কখন টিপিং পয়েন্টে পৌঁছে যায় জানেন তো?’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত