যেনতেন কোনো আংটি নয়, বিয়ের আংটি বলে কথা। এই আংটি হারালে মন খারাপ হওয়া স্বাভাবিক। চলতি প্যারিস অলিম্পিকে এমন ঘটনাই ঘটেছে ইতালির সোনাজয়ী হাই জাম্পার জিয়ানমার্কো তাম্বেরির সঙ্গে। উদ্বোধনী অনুষ্ঠানে ইতালির পতাকা উড়ছিল তার হাতে। সেই উত্তেজনাতেই হয়তো আংটি হারিয়ে বসেন এই হাইজাম্পার। এরপর অবশ্য স্ত্রী কাছে ক্ষমা চাইতে তিনি ভুলেননি।
২০২১ টোকিও অলিম্পিকে হাই জাম্পে সোনাজয়ী এই অ্যাথলেট দুই বছর আগে চিয়ারা বনতেম্পির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এবার সোনা জয়ের প্রত্যাশা নিয়েই তিনি প্যারিস অলিম্পিকে গেছেন। কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানেই গড়বড়। এই প্রথম অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে স্টেডিয়ামের বাইরে প্যারিসের সেন নদীতে। বিভিন্ন ধরনের জলযানে চেপে এই উদ্বোধনী অংশ নেন অ্যাথলেটরা। ওই সময় তাম্বেরির আঙুল থেকে আংটি নৌকায় পড়ে তারপর চলে যায় নদীর তলদেশে!
এমন ঘটনায় মর্মাহত তাম্বেরি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘সত্যিটা হলো, আমি আমার বিয়ের আংটি (আঙুল থেকে) পড়ে যেতে দেখেছি! আমার চোখের সামনেই সেটা নৌকায় পড়ে একটা বাউন্স করে নদীর তলদেশে চলে যায়। এটা আজীবনের জন্য ভালোবাসার শহরের (প্যারিস) নদীগর্ভে থাকবে। আমি দুঃখিত, আমি দুঃখিত প্রিয়। এটা সোনার পদক নিয়ে বাড়ি ফেরার লক্ষণ হলে ভালোই হবে।’
তাম্বেরির স্ত্রীও এই পোস্টের জবাব দিয়েছেন। তিনি লিখেছেন, ‘একমাত্র তুমি এই ঘটনাটি (আংটি হারানো) রোমান্টিক কিছুতে পরিণত করতে পার।’
প্রস্তুতি নিতে আগেই পাকিস্তানে যাচ্ছেন মুশফিক-মুমিনুল
নদী দূষণে প্যারিস অলিম্পিকে অনুশীলন বাতিল