কোটা সংস্কার আন্দোলনে নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন থানা এলাকা থেকে আরও ৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে নগর থেকে ৪০ জন এবং জেলা এলাকা থেকে ১০ জন। এ নিয়ে গত ১২ দিনে চট্টগ্রামে মোট ৮৯৭ জন গ্রেপ্তার করল পুলিশ।
নগরের বিভিন্ন থানা এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় (২৭ জুলাই সকাল ৮টা থেকে ২৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত) ৪০ জন ‘নাশকতাকারীকে’ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ—কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ।
সিএমপির এই কর্মকর্তা জানান, শনিবার দিনগত রাতে নগরের পাঁচলাইশ থানায় নতুন করে আরও একটি মামলা করেছে পুলিশ। এ মামলায় ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।
সব মিলিয়ে চট্টগ্রাম নগরে বিভিন্ন থানায় দায়ের হওয়া ২০টি মামলায় গত ১২ দিনে ৫১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যার মধ্যে অন্তত ১০জন শিক্ষার্থী রয়েছে বলে জানিয়েছেন এডিসি তারেক আজিজ।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে গত ১২ দিনে জেলার বিভিন্ন থানায় দায়ের হওয়া ১১টি মামলায় ৩৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে কোটা আন্দোলনে নাশকতার অভিযোগে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. সরওয়ারকে গ্রেপ্তার করেছে নগরের চান্দগাঁও থানা পুলিশ। গতকাল শনিবার নগরের বালুছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবীর বলেন, কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে নগরের বহদ্দারহাটে সহিংসতার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করার পর সরওয়ারকে বালুছড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
