তিন বছর ধরে গায়িকা, ও অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেতা হৃতিক রোশন। খ্যাতনামা এই তারকার প্রেমিকার হওয়ার পর থেকে যেন সর্বক্ষণ ছবিশিকারিদের নজরে সাবা। তা নিয়ে মাঝে মধ্যে বিরক্তি প্রকাশও করেছেন তিনি। এবার শোনা যাচ্ছে হৃতিকের সঙ্গে সম্পর্কটাই নাকি শেষ হয়ে গিয়েছে সাবার!
গত কয়েকদিনে যে ক’টি অনুষ্ঠানে হৃতিককে দেখা গেছে, সর্বত্রই তিনি একা গিয়েছেন। আম্বানিদের বাড়ির বিয়ে হোক কিংবা ফারাহ খানের মায়ের শেষযাত্রা, কোথাও দেখা যায়নি সাবাকে। কিন্তু গত দু’বছরে এমনটা হয়নি। কোনও অনুষ্ঠানে সাবাহীন হৃতিককে দেখা যায়নি। করণ জোহরের জন্মদিনের পার্টি হোক কিংবা রোশনবাড়ির জমায়েত, সর্বত্রই একসঙ্গে দেখা যেত তাদের।
ফলে একাকী হৃতিককে দেখে জল্পনা দানা বাঁধতে শুরু করেছে বলিউডে। নেটাপাড়ার একটি অংশের দাবি, সাবা-হৃতিকের সম্পর্ক নাকি ভেঙে গেছে। যদিও সমাজমাধ্যমে দেখা গেছে, এখনও সাবার ছবিতে লাইক দিচ্ছেন অভিনেতা।
কিছুদিন আগেই সাবা অভিযোগ করেন, হৃতিকের প্রেমিকা হওয়ায় কাজ পাচ্ছেন না তিনি। হৃতিকের সঙ্গে সম্পর্কে তৈরি হওয়ার আগে প্রায় এক দশক কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেছেন সাবা। একাধিক বিজ্ঞাপনে কণ্ঠ দিয়েছেন। তবে হৃতিকের সঙ্গে সম্পর্কে জড়ানোর পরই নাকি তার হাতে কাজ কমে গেছে। এর কারণ হিসেবে সাবা দায়ী করেছিলেন সমাজের পুরুষতান্ত্রিক মানসিকতাকে। এক পরিচালক নাকি সাবাকে বলেছেন, নামী তারকার প্রেমিকা এখন তিনি, তাই তার আর কাজের কী প্রয়োজন!
এই কথা শুনেই গর্জে উঠেছিলেন সাবা। সাবা প্রশ্ন তুলে লিখেছেন, ‘‘আমরা কোন অন্ধকার যুগে বাস করছি? একজন নারী তার উপার্জনের মাধ্যমে যে সম্মান অর্জন করে সেটাকে হেয় করা হচ্ছে? আমি স্পষ্ট বলছি, এখনও পর্যন্ত আমি নিজের টাকায় জীবন যাপন করছি। নিজের ক্যারিয়ারকে ভালোবাসি। যে কাজটা করি সেটা পছন্দের। যদিও লোকে ভাবে আমার সেসবের প্রয়োজন নেই। আসলে মানুষের চিন্তাভাবনা বদলাবে না।’’
প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন কীর্তি সুরেশ 