সোহেল-কনকসহ ‘তুলে নেওয়া’ শিক্ষার্থীদের মুক্তি দাবি

আপডেট : ২৯ জুলাই ২০২৪, ০৪:১২ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সমন্বয়ক, অ্যাক্টিভিস্ট ও ছাত্রনেতা আরিফ সোহেল ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের রংপুর মহানগরের নেতা কনক রহমানসহ আটককৃত শিক্ষার্থী ও নাগরিকদের মুক্তি দাবি করেছেন ভাববৈঠকী ও চিন্তা পাঠচক্রের সদস্যবৃন্দ। 

সোমবার এক বিবৃতিতে তারা জানিয়েছেন, আরিফ সোহেলকে গত ২৮ জুলাই গভীর রাতে তার পারিবারিক বাসা থেকে ডিবি ও সিআইডি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এরপর চব্বিশ ঘন্টার অধিক সময় পার হলেও ডিবি কিংবা সিআইডি কেউই আরিফের কাস্টডি স্বীকার করেনি। এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে আরিফকে অক্ষত ও নিরাপদ অবস্থায় তার পরিবারের কাছে ফেরত দেওয়ার দাবি জানান।  

আরিফ সোহেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘স্ব-চিন্তন’ নামক পাঠচক্রেরও অন্যতম সংগঠক। ভাববৈঠকি ও চিন্তা পাঠচক্রেরও তিনি একজন নিয়মিত সদস্য। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রজেক্ট কনসাল্টেন্ট হিসেবেও তিনি কাজ করেছেন। 

বিবৃতিতে বলা হয়েছে, কনক রহমানকে রবিবার গভীর রাতে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। কোনো প্রকার অভিযোগ ও পরোয়ানা ব্যতীত এ ধরনের আটক সম্পূর্ণ বেআইনি এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকারের লঙ্ঘন। কনক রহমানের নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা।

বিবৃতিতে আরও বলা হয়, গত কয়েকদিন ধরে সারাদেশে এবং বিশেষত ঢাকায় পুলিশ ও অপরাপর আইনশৃঙ্খলা বাহিনি নির্বিচারে পাইকারি গণগ্রেফতার চালিয়ে যাচ্ছে। এতে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অনেক নাগরিককে বিনা কারণে হয়রানির উদ্দেশে গ্রেফতার করা হচ্ছে। আমরা তাদের প্রত্যেকের মুক্তির দাবি জানাচ্ছি।

পাশাপাশি তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবি মেনে নেওয়াসহ চার দফা দাবি জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত