নাচের অনুষ্ঠানে ছুরি হামলায় নিহত ২ শিশু, আহত ৯

  • নাচের কর্মশালাটিতে ছয় থেকে ১০ বছর বয়সী শিশুদের নাচ শেখানো হচ্ছিল
  • হামলাকারী ওই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশের হেফাজতে রয়েছে
আপডেট : ৩০ জুলাই ২০২৪, ১২:১০ পিএম

যুক্তরাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলের মার্সিসাইড জেলায় শিশুদের একটি নাচের কর্মশালায় ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে ২ শিশু এবং আহত হয়েছেন আরও ৯ জন।

স্থানীয় সময় সোমবার মার্সিসাইড জেলার সাউথপোর্ট শহরে এ ছুরি হামলার ঘটনা ঘটে। খবর বিবিসি।

বিবিসি জানায়, সোমবার বেলা ১১ টা ৫০ মিনিটের দিকে সাউথপোর্টের শিশুদের একটি নৃত্যশালায় ছুরি হামলা চালানো হয়। এতে অন্তত ২ জন শিশু নিহত এবং ৯ জন আহত হয়। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর।

হামলার অভিযোগে ১৭ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। জানা গেছে, পার্শ্ববর্তী ল্যাঙ্কাশায়ার জেলার ব্যাঙ্কস শহর থেকে সাউথপোর্টে এসেছিল সে।

বিবিসি জানায়, নাচের কর্মশালাটিতে ছয় থেকে ১০ বছর বয়সী শিশুদের নাচ শেখানো হচ্ছিল। ঘটনাস্থলে দ্রুত ১৩টি অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিস ছুটে যায় উদ্ধারকাজে।

চিফ কনস্টেবল সেরেনা কেনেডি এক সংবাদ সম্মেলনে বলেন, ফোনে তথ্য পাওয়ার পর আশ্চর্য হয়ে গিয়েছিলেন তারা।

তিনি বলেন, "এটা বোঝা যায় যে শিশুরা নাচের স্কুলে একটি অনুষ্ঠানে যোগ দিচ্ছিল তখন একটি ছুরি নিয়ে সশস্ত্র অপরাধী সেখানে প্রবেশ করে এবং শিশুদের উপর হামলা শুরু করে। তাকে থামাতে গিয়ে আহত হন দুই প্রাপ্তবয়স্ক।"

মেরিসাইড পুলিশ জানিয়েছে, ওই তরুণের হামলার সঠিক কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি, তবে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে এটি কোনো সন্ত্রাসী হামলা নয়।

হামলাকারী ওই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে সে পুলিশের হেফাজতে রয়েছে। পুলিশ কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন

হতাহত শিশুদের পরিবারের সদস্যদের উদ্দেশে স্বান্তনা জানিয়েছেন যুক্তরাজ্যের রাজা চার্লস এবং প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মারও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত