খোলস ছেড়ে বের হচ্ছেন সাকিব আল হাসান। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি কাল রাতে অনেকদিন বাদে ব্যাটে দেখা পেয়েছেন রানের। সঙ্গে ডেথ ওভারে তার কার্যকর বোলিংয়ে ম্যাচও জিতে নিয়েছে তার দল বাংলা টাইগার্স মিসিসগা। ২ রানে তারা হারিয়েছে টরন্টো ন্যাশনালসকে।
অধিনায়ক সাকিব এদিন টসে হেরে যান। আগে ব্যাটিংয়ে নামতে হয় বাংলা টাইগার্স মিসিসগাকে। অন্যান্যদের সঙ্গে এ ম্যাচে রান তোলায়ও অবদান রাখেন অধিনায়ক। খেলেন ১৫ বলে ২৪ রানের ইনিংস। হাঁকান ৩ ছক্কা। প্রথম দুই ম্যাচে সাকিবের ব্যাট থেকে এসেছিল মাত্র ৫ রান। এছাড়া ডেভিড ভিসার অপরাজিত ৩৮, মোহাম্মদ ওয়াসিমের ২৭ ও রহমানউল্লাহ গুরবাজের ২৪ রানে ৭ উইকেটে ১৬৮ রান জড়ো করে টাইগার্স।
জবাবে নিয়ন্ত্রিত বোলিংয়ে টরন্টোকে ভালোভাবেই বেধে রাখতে সক্ষম হন শরিফুল-সাকিবরা। শেষ ৪ ওভারে টরন্টোর প্রয়োজন ছিল ৪৮ রান। এমন গুরুত্বপূর্ণ সময়ে বোলিংয়ে আসেন ক্যাপটেন সাকিব। নিজের প্রথম দুই ওভারে ১৩ রান দিয়েছিলেন সাকিব। এবার দেন ৮ রান। পরের ওভারে শরিফুল দেন ১৩ রান।
১৯তম ওভারে আবার আক্রমণে আসেন সাকিব। শিকার বানান ৫৪ বলে ৭৪ রানের ইনিংস খেলা নিকোলাস কিরটনকে। তবে হাত খুলে খেলছিলেন রোমারিও শেফার্ড। এই ওভারে সাকিব দেন ৯ রান। শেষ ওভারে ১৮ রানের সমীকরণে বল করতে এসে আলি খান হজম করেন ১৫ রান। ২ রানের ব্যবধানে আসরে দ্বিতীয় জয় পায় বাংলা টাইগার্স মিসিসগা।
শরীফুল ৪ ওভারে ৩১ রান খরচায় নেন ১ উইকেট। সাকিব ৩০ রান খরচায় পান ১ উইকেট। ম্যাচসেরা হন ডেভিড ভিসা।
কেমন গেল প্যারিস অলিম্পিকের প্রথম সপ্তাহ
বল হাতে দুর্দান্ত রিংকু-সূর্য, সুপার ওভারে লঙ্কাবধ ভারতের