বল হাতে দুর্দান্ত রিংকু-সূর্য, সুপার ওভারে লঙ্কাবধ ভারতের

আপডেট : ৩১ জুলাই ২০২৪, ০৮:৪৯ এএম

রুদ্ধশ্বাস তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে সুপার ওভারে হারিয়ে দিয়েছে ভারত। প্রথম ব্যাট করে মঙ্গলবার ভারত করে ৯ উইকেটে ১৩৭ রান। জবাবে ৮ উইকেটে শ্রীলঙ্কাও থামে ওই একই ১৩৭ রানে।

টাই হওয়া ম্যাচটির নিষ্পত্তি করতে শুরু হয় সুপার ওভারে। ভারতের নয়া অধিনায়ক সূর্যকুমার যাদব বল তুলে দেন ওয়াশিংটন সুন্দরের হাতে। সুপার ওভারের প্রথম বল ওয়াইড হলেও কুশল পেরেরা এবং পাথুম নিশাঙ্কাকে ওয়াশিংটন আউট করে দেন তৃতীয় ও চতুর্থ বলে। শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় মাত্র ২ রান। জবাবে প্রথম বলেই চার মেরে দলকে জয় এনে দেন সূর্য।

এর আগে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান শ্রীলঙ্কার নতুন অধিনায়ক চারিথ আসালাঙ্কা। প্রথমে ব্যাট করার সুযোগ পেয়েও বিপর্যয়ের মুখে পড়ে ভারত। সহ-অধিনায়ক শুবমান গিল ছাড়া ওপরের কোনও ব্যাটারই রানের দেখা পাননি। যশস্বী জয়সওয়াল (৯ বলে ১০), সঞ্জু স্যামসন (৪ বলে শূন্য), রিংকু সিং  (২ বলে ১), সূর্যকুমার (৯ বলে ৮) দ্রুতই আউট হয়ে যান। টানা দুই ম্যাচে সুযোগ পেয়েও রানের দেখা পেলেন না সঞ্জু। ব্যর্থ হন শিবম দুবেও। 

তবে ক্রিজের একপ্রান্ত আগলে ছিলেন শুবমান। ৩টি চারে তিনি ৩৭ বলে ৩৯ রানের ইনিংস খেলেন। ৪৮ রানে ৫ উইকেট হারানো ভারতকে দিশা দেখায় সপ্তম উইকেটে রিয়ান পরাগ এবং ওয়াশিংটনের জুটি। রিয়ান ১ চার ও ২ ছক্কায় ১৮ বলে ২৬ রান করেন। ওয়াশিংটন করেন ১৮ বলে ২৫। মারেন ২টি চার ও ১টি ছয়। শ্রীলঙ্কার মাহিশ থিকশানা ৩টি ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ২টি উইকেট পান। 

সান্ত্বনার জয়ের জন্য ১৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাবলীল শুরু করে শ্রীলঙ্কা। প্রথম উইকেট জুটিতে পাথুম নিশাঙ্কা এবং কুশল মেন্ডিস তোলেন ৫৮ রান। নিশাঙ্কা করেন ৫ চারে ২৭ বলে ২৬ রান। মেন্ডিসের অবদান ৩ চারে ৪১ বলে ৪৩। নিশাঙ্কা আউট হলে মেন্ডিসের সঙ্গে জুটি বাঁধেন কুশল পেরেরা। ৫ চারে তিনি খেলেন ৩৪ বলে ৪৬ রানের ইনিংস। ১৮তম ওভারে খলিল আহমেদ উপহার দেন পাঁচটি ওয়াইড। তাতে ম্যাচ প্রায় জিতেই গিয়েছিল লঙ্কানরা। ৬ উইকেট হাতে নিয়ে দরকার ছিল ১২ বলে মাত্র ৯ রানের।

১৯তম ওভারে সূর্য বোলিংয়ে আনেন রিংকু সিংকে। তাতেই বাজি পাল্টে যায়। মাত্র ৩ রানের বিনিময়ে রিংকু তুলে নেন ২টি উইকেট। শেষ ওভারে ৬ বলে ৬ রানের সমীকরণে বল হাতে তুলে নেন স্বয়ং অধিনায়ক সূর্য নিজেই। প্রথম বলটি ডট করার পরের দুই বলে ফেরান দুই লঙ্কান ব্যাটারকে। শেষ ৩ বলে ৫ রান হজম করলেও ভারতকে টপকাতে পারেনি শ্রীলঙ্কা। এছাড়া ওয়াশিংটন ও রবি বিষ্ণোয় ২টি করে উইকেট পান।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় জয় নিশ্চিত হয়েছিল দ্বিতীয় ম্যাচেই। চারিথ আসালাঙ্কার নতুন লঙ্কান দলটিকে এ ম্যাচ জিতে ধবলধোলাই করলো সূর্যকুমারের নতুন ভারত। ম্যাচসেরা হয়েছেন ওয়াশিংটন সুন্দর। আর সিরিজসেরা পুরস্কার উঠেছে সূর্যের হাতে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত