ঢাবিতে মার্চ ফর জাস্টিসে আহত নারী শিক্ষক

আপডেট : ৩১ জুলাই ২০২৪, ০২:৫০ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে শিক্ষার্থীদের সঙ্গে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশ। এ সময় আটকের হাত থেকে বাঁচাতে গিয়ে আহত হোন বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষক।

জানা যায়, বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের পাশে ছাত্র ও শিক্ষকদের সম্মিলিত সমাবেশে এক শিক্ষার্থীকে পুলিশ জোরপূর্বক আটক করতে চাইলে বাধা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের দুজন নারী শিক্ষক। তারা হলেন অধ্যাপক ড. নুসরাত জাহান চৌধুরী এবং প্রভাষক শেহরীন আমিন ভূঁইয়া।

তাদের মধ্যে পুলিশের ধাক্কায় আহত হোন শেহরীন আমিন। এই শিক্ষকের হাত মুচড়ে যায় এবং হাঁটুতে ব্যথা পান। বর্তমানে তিনি বাসায় গিয়ে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে শেহরীন আমিন ভূঁইয়া দেশ রূপান্তরকে বলেন, একজন শিক্ষার্থীকে পুলিশ তুলে নিতে চাইলে আমি বাঁধা দিই, বললাম তার অপরাধ কী, চ্যাক করার থাকলে আপনি আমাদের সামনে করুন। কিন্তু তিনি কোনো কথা না শুনে বলপ্রয়োগ করলেন। আমার হাত মুচড়ে দিয়ে ছেলেটাকে নিয়ে যেতে চাইলে আবার ধরতে গেলে ধাক্কা দিলে আমি পড়ে যাই। হাঁটুতে ব্যথা পেয়েছি একটু তবে হাত মুচড়ে যাওয়ায় বেশি ব্যথা পেয়েছি। আর বিস্তারিত বলার মতো শক্তি আমার নাই।

মার্চ ফর জাস্টিসে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক লুৎফর রহমান দেশ রূপান্তরকে বলেন, আমরা বিবেকের তাড়নায় অংশ নিয়েছি। শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, তাদের উপর নির্যাতন করার অধিকার কারো নেই। আমরা তাদের দাবির সাথে সংহতি জানিয়ে আজ রাস্তায় নেমে এসেছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান দেশ রূপান্তরকে বলেন, বিষয়টা আমি মাত্র জানতে পেরেছি। গুরুত্ব দিয়ে দেখছি। আমাদের সহকারী প্রক্টররা ওখানে আছেন। তারাও বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত