চন্দনা মজুমদারের ‘মনযমুনা’

আপডেট : ০১ আগস্ট ২০২৪, ০২:০৫ পিএম

বাংলা লোকগানের ঐশ্বর্যমন্ডিত কণ্ঠ চন্দনা মজুমদার নতুন গান নিয়ে এলেন। “মনযমুনায় উঠল জোয়ার, ঐ দেখো ছলাৎছলাৎ, না জানিয়া না বুঝিয়া কেউ দিও না তাতে হাত” এমন কথামালায় ‘মনযমুনা’ শিরোনামে গানটির বাণী রচনা করেছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত ফোকলোরবিদ ড. তপন বাগচী। গানটিতে তাতে সুরারোপ করেছেন এ সময়ের জনপ্রিয় সুরকার হাবিব মোস্তফা, সঙ্গীতায়োজনে ছিলেন অণু মোস্তাফিজ। জি সিরিজের ইউটিউব চ্যানেলে গানটি ভিডিও আকারে প্রকাশিত হয়েছে।

গানটি সম্পর্কে চন্দনা মজুমদার বলেন, হাজার বছরের ঐতিহ্যে লালিত আমাদের লোকগান। আমি অনেক সাধক পুরুষের গান করেছি। পাশাপাশি অনেক মৌলিক লোকগানও গেয়েছি। সাধারণত যে ধরনের লোকগান করি, ‘মনযমুনা’ গানের কথা ও সুর সেই মেজাজের। তাই গেয়ে ভাল লেগেছে, আশা করি, শ্রোতাদেরও ভাল লাগবে।

গীতিকার তপন বাগচী বলেন, লিরিকসের জন্য যখন হাবিব মোস্তফা আমার সাথে যোগাযোগ করে, তখন চন্দনা দিদির নাম শুনেই মনের মধ্যে একটা অন্যরকম ভাবনা কাজ করেছে। চেষ্টা করেছি গ্রাম বাংলার আবহমান সংস্কৃতির মিলবন্ধন ঘটিয়ে গানটি রচনা করতে। শ্রোতাদের অন্তর স্পর্শ করতে পারলেই আমার লেখা সার্থক হবে বলে মনে করি।

গানটির সুরকার ও আয়োজক হাবিব মোস্তফা বলেন, শ্রদ্ধেয় চন্দনা মজুমদার বাংলা লোকগানের জীবন্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী। তিনি আমার সুরে আগেও গেয়েছেন। তবে এবারের গানটি নিয়ে আমার প্রত্যাশা বেশি। তপন বাগচী দাদার দরদী কথায় সুর দিতে গিয়ে মনে হল: গানটি একটি মায়াময় কণ্ঠে গীত হবার দাবী রাখে। সেই সূত্রেই গানটি তাঁর কণ্ঠে ধারণ করেছি। আশা করছি, বরাবরের মত তাঁর শ্রোতাভক্তরা গানটি হৃদয় দিয়ে গ্রহন করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত