কেরালায় ভূমিধসে নিহত ২৮৮, এখনও নিখোঁজ ২০০-এর বেশি

  • কেরালা সরকার বুধবার নিশ্চিত করেছে যে ২২৭ জন এখনও নিখোঁজ রয়েছে
  • বৃষ্টিপাত অব্যাহত থাকায় এখনও উদ্ধারকাজে কাঙ্ক্ষিত গতি আনা যাচ্ছে না
আপডেট : ০১ আগস্ট ২০২৪, ০২:৩৫ পিএম

ভারতের দক্ষিণের রাজ্য কেরালার ওয়েনাডে ভারী বৃষ্টিতে একাধিক ভূমিধসের ঘটনায় নিহত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৮ জনে। এ ঘটনায় ২০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

কেরালা সরকার বুধবার নিশ্চিত করেছে যে ২২৭ জন এখনও নিখোঁজ রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত মঙ্গলবার কেরালার ওয়েনাডের পার্বত্য এলাকায় ব্যাপক ভূমিধস হয়েছে। ভূমিধসের ঘটনায় এখনও পর্যন্ত হাজারও মানুষকে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনীসহ উদ্ধারকারীরা।

সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সসহ অন্যান্য সংস্থা দুর্গত এলাকায় আজ বৃহস্পতিবার উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। উদ্ধারকাজে যুক্ত প্রতিটি দলের সঙ্গে থাকছে ডগ স্কোয়াড।

ভারী বৃষ্টিপাতের ও ভূমিধসে সড়কপথ বন্ধ হয়ে যাওয়ায় গত দুই দিন উদ্ধারকাজ ব্যাহত হচ্ছিল। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকায় এখনও উদ্ধারকাজে কাঙ্ক্ষিত গতি আনা যাচ্ছে না।

বুধবার এক সংবাদ সম্মেলনে কেরালার মুখ্যমন্ত্রী পিনানাই বিজয়ন বলেন, ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ১ হাজার ২৫০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ২৯০ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা ঠাঁই নিয়েছেন আশ্রয়শিবিরে। ঘটনাস্থলের আশেপাশে এ পর্যন্ত ৮২টি অস্থায়ী আশ্রয়শিবির স্থাপন করা হয়েছে।

রাজ্যটিতে আজ বৃহস্পতিবারও ভারী বৃষ্টি অব্যাহত আছে। ওয়েনাডসহ রাজ্যের নয়টি জেলায় আগামী কয়েক দিন বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে হলুদ সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর।

এদিকে কংগ্রেসের মুখপাত্র কে সুরেশ জানিয়েছেন, আজ উপদ্রুত এলাকা পরিদর্শনে যাবেন রাহুল এবং তার বোন প্রিয়াঙ্কা গান্ধী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত