নারায়ণগঞ্জের আড়াইহাজারে গভীর রাতে কৌশলে জানালা খুলে ঘরে ঢুকে আলমগীর হোসেন (৪৫) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩১ জুলাই) রাতে উপজেলার গোপালদী পৌরসভার সোনাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলমগীর (৪৫) সোনাকান্দা গ্রামের মৃত শরাফত আলীর ছেলে। এসময় তার স্ত্রী আছমা আক্তার (৩৫) ছুরিকাঘাতে আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতালে চিকিৎসাধীন আছমা আক্তার বলেন, ঘটনার দিন রাত ১টার দিকে তারা ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় ৫-৬ জনের বোরকা পরিহিত একদল দুর্বৃত্ত কৌশলে টিনশেড ভবনের দরজা খুলে ভিতরে প্রবেশ করে আলমগীরের পেটে ছুরিকাঘাত করে। বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে পালিয়ে যায়। পরে বাড়ির লোকজন টের পেয়ে আলমগীরকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে আজ বৃহষ্পতিবার (১ জুন) সকালে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানউল্লাহ বলেন, ‘নিহতের সঙ্গে কারও পূর্বশত্রুতা ছিল কিনা—তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’
