সামাজিক যোগাযোগ মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নুসরাত নুরের পুলিশের গাড়ির সামনে বাধা হয়ে দাঁড়ানোর একটি ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। তাদের যখন নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তুলে নেওয়া হয় তখন পুলিশের গাড়ির সামনে বাধা হয়ে দাঁড়ান নুসরাত নুর।
আন্দোলনকারী সহপাঠী ও বন্ধুদের ছাড়িয়ে নিতে নুসরাতের যে সাহসের পরিচয় দিয়েছেন তার প্রশংসা চলছে চারদিকে। তার এই ছবিটা চোখ এড়ায়নি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের। তিনি মেয়েটির বিপ্লবী চরিত্রের এই দৃশ্যকে স্কেচে রূপ দিয়েছেন।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, 'ইউটিউবে ভিডিওটা দেখে আবেগাপ্লুত না হয়ে পারা যায় না। সহপাঠী বন্ধুর জন্য কি সহমর্মিতা, অতটুকু শরীরে কি অসম্ভব মনোবল। যেন একাই থামিয়ে দেবে দানবীয় যানটা। এই হৃদয়স্পর্শী তারুণ্যের শক্তির দৃশ্যটাকে স্কেচ এঁকে ধরে রাখতে চাইলাম। যদিও আমি নিতান্তই অর্থনীতি নিয়ে গবেষণা করি, আঁকিয়ে নই'।
নুসরাতের ভাই নুর হাসান ফেসবুক পোস্টে বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি ছাড়া পেয়েছি এবং নিরাপদে বাসায় এসে পৌঁছেছি! ধন্যবাদ জানাই আমার শিক্ষকদের যারা মায়ের মতো শাসন এবং বাবার মতো ঢাল হতে জানেন! ধন্যবাদ জানাই আমার সিনিয়র আপু এবং ভাইদের এবং আমার বন্ধুদের যারা এক মুহূর্তের জন্যও আমাকে ছাড়েননি।
বোন নুসরাতের সাহসিকতার প্রশংসা করে নুর বলেন, ‘সবশেষ ধন্যবাদ জানাই আমার সেই বাঘিনী বোন নুসরাত নুরকে। যার সাহস অসীম, হয়তো সবার সামনে আমি এসেছি কিন্তু তার ক্রোধ, সাহস আমার মতো হাজার জনের চেয়েও বেশি। ঘরে ঘরে এমন মেয়ে থাকলে ভাইদের আর চিন্তা থাকবে না।’
