কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উত্তরার জমজম টাওয়ার মোড় ও ১১ নম্বর সেক্টরের মাইলস্টোন কলেজের সামনে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।
আজ শুক্রবার (২ আগস্ট) সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে গণমছিল করেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন সাধারণ মানুষ। দুপুরে রাজধানীর উত্তরা জমজম টাওয়ার এলাকায় গণমিছিলে নামেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেলে উত্তরা ১১ নম্বর সেক্টরে মাইলস্টোন কলেজের সামনে এ ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ গণমিছিল কর্মসূচির ডাক দিয়েছিল। তাদের এই কর্মসূচি সামনে রেখে পুলিশ ও আওয়ামী লীগের সমর্থকেরা উত্তরা ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের সামনে অবস্থান নেন। অন্যদিকে শিক্ষার্থীরা মাইলস্টোন কলেজের সামনে অবস্থান নেয়। বিকেল সোয়া চারটার পর আওয়ামী লীগের সমর্থকেরা মাইলস্টোন কলেজের দিকে থাকা শিক্ষার্থীদের ধাওয়া দেন। শিক্ষার্থীরাও পাল্টা ধাওয়া দেন। এ সময় পুলিশও শিক্ষার্থীদের ধাওয়া দেয় এবং সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান।
উত্তরা-পশ্চিম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. বায়েজীদ বলেন, উত্তরা ১০ নম্বর সেক্টর ব্রিজের কাছে শিক্ষার্থী ও পুলিশ মুখোমুখি অবস্থান করছেন। ঘটনাস্থলে সিনিয়র অফিসাররা আছেন।
