অদ্ভূত ঘটনা ঘটিয়ে বসলেন শ্রীলঙ্কার ক্রিকেটার জানিথ লিয়ানাগে। এমনিতে ক্রিকেটকে বলা হয়ে থাকে জেন্টেলম্যানস। সততার কারণ বোঝানোর চেষ্টা করা হয় এই উক্তির মাধ্যমে। যদিও ক্রিকেটে সততা দেখাতেই গিয়েই বিপদে পড়লেন শ্রীলঙ্কার ক্রিকেটার লিয়ানাগে তার কাজে হতাশ এবং বিরক্ত তারই দলের ক্রিকেটাররা।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের সঙ্গে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করছিল শ্রীলঙ্কা। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা জানিথ লিয়ানাগে ব্যাট করছিলেন ব্যক্তিগত ২০ রানের মাথায়। এমনই সময় অক্ষর প্যাটেলের একটি বল তিনি খেলতে যান, কিন্তু বল তার ব্যাটে লাগেনি। সেই বল ক্যাচ ধরেই আউটের আবেদন জানান স্লিপে দাড়ানো রোহিত শর্মা। ভারতীয়দের আবেদনে আম্পায়ার সাড়া না দিলেও লিয়ানাগে হাঁটা ধরেন প্যাভিলিয়নের দিকে। এরপর আল্ট্রা এজে দেখা যায়, বল আদৌ লিয়ানাগের ব্যাটেই লাগেনি।
তার ওই আউটের পর দুনিথ ভেলললাগের অপরাজিত ৬৭ রানে ভর করে ৮ উইকেটে ২৩০ রান করে শ্রীলঙ্কা। এছাড়া পাথুম নিশাংকা ৫৬, হাসারাঙ্গা ২৪, দনঞ্জয়া ১৭ রান করেন। ভারতের পক্ষে দুটি করে উইকেট নেন অক্ষর প্যাটেল ও আশদিপ সিং।
