মোবাইল নেটওয়ার্কে ফিরল ফেসবুক-টেলিগ্রাম

আপডেট : ০২ আগস্ট ২০২৪, ১০:৩১ পিএম

মোবাইল ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যম আবারও চালু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার পর ফেসবুক ও মেসেঞ্জার সচল হতে শুরু করেছে। তবে অনেকের স্বাভাবিক হতে সময় লাগছে বলে খবর পাওয়া গেছে।

এর আগে শুক্রবার বেলা ১২টার পর থেকে মোবাইলে ফেসবুক ব্যবহার সীমিত করে দেওয়া হয়। ঢাকার অনেক এলাকায় টেলিগ্রাম অ্যাপেও মেসেজ-আদান প্রদানে বিঘ্ন ঘটে। তবে বিষয়টি নিয়ে কিছুই জানায়নি সংশ্লিষ্টরা।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ-সংঘাতে নিহত ব্যক্তিদের বিচার দাবিতে শুক্রবার গণমিছিল কর্মসূচি দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ কর্মসূচি সামনে রেখে গুজব এড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে একটি সূত্র জানিয়েছে।

এদিকে আজ বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ঠেকাতে ব্যর্থ এবং ইন্টারনেট সেবা ব্যাহতের বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ক্ষমা চেয়েছেন।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ইন্টারনেট। দীর্ঘদিন পর রবিবার (২৮ জুলাই) বিকেল ৩টার দিকে ফোরজি সেবা চালু হয়। এর আগে পাঁচ দিন বন্ধ থাকার পর গত মঙ্গলবার (২৩ জুলাই) রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত