ভারতে বিএসএফের প্রধান এবং উপপ্রধানকে বহিষ্কার

  • গত বছরের জুন মাসে বিএসএফের ডিজির পদে নিযুক্ত হন নীতিন আগরওয়াল
  • মেয়াদ পূর্ণ করার আগেই তাদেরকে পদচ্যুত করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রীসভা
আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১১:০৬ এএম

ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফের ডিরেক্টর জেনারেল (ডিজি) এবং তার ডেপুটি তথা স্পেশাল ডিরেক্টর জেনারেলকে (পশ্চিম) পদচ্যুত করেছে দেশটির সরকার। এই পদক্ষেপকে নজিরবিহীন বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

অপসারিত দুইজনকেই নিজস্ব রাষ্ট্র ক্যাডারে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার (২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

নিতিন আগারওয়াল ১৯৮৯ ব্যাচের কেরালা ক্যাডার অফিসার। গত বছরের জুন মাসে বিএসএফের ডিজির পদে নিযুক্ত হন নীতিন আগরওয়াল। সময়ের আগেই তাকে অপসারিত করে রাজ্য স্তরের ক্যাডারে ফেরত পাঠানো হল।

অপরদিকে ওয়াই বি খুরানিয়া উড়িশা ১৯৯০ ব্যাচের কর্মকর্তা। স্পেশাল ডিজি (পশ্চিম) পদে এত দিন ছিলেন তিনি। তাকেও রাজ্যে ফেরত পাঠানো হয়েছে। ভারতের মন্ত্রীসভার নিয়োগ কমিটি জানিয়েছে এ দুজনকে ‘এই মুহূর্ত থেকে মেয়াদ পূর্ণ করার আগেই’ পদচ্যুত করা হয়েছে।

সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতে প্রায়ই অনুপ্রবেশের ঘটনা ঘটছে। এছাড়া বিএসএফ প্রধানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সমন্বয় না করার অভিযোগ রয়েছে। এ কারণে কেন্দ্র সরকার তাদের পদচ্যুত করার মতো কঠোর সিদ্ধান্ত নিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক উচ্চপদস্থ এক কর্মকর্তা জানান, বিএসএফের মধ্যে মধ্যে কমান্ড এবং নিয়ন্ত্রণের অভাব এবং অন্যান্য সহযোগী সংস্থার সাথে সমন্বয়ের ঘাটতির কারণেই তাকে বহিষ্কার করা হয়েছে।

ভারতের সীমান্ত বাহিনী বিএসএফের ২ লাখ ৬৫ হাজার সদস্য আছে। ভারতে পশ্চিম সীমান্তে অবস্থিত পাকিস্তান এবং পূর্ব দিকের বাংলাদেশ সীমান্তে বিএসএফের এসব সদস্য মোতায়েন আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত