পুরুষদের অ্যাথলেটিকসে ১০ হাজার মিটার ইভেন্টে বিশ্বরেকর্ডটি আগেই গড়েছিলেন। বাকি ছিল অলিম্পিকে গড়ার। সেটিও শুক্রবার রাতে নিজের করে নিলেন উগান্ডার জোশুয়া চেপতেগেই। স্তাদে দে ফ্রান্সে প্রায় ৬৯ হাজার দর্শকের সামনে ২৬ মিনিট ৪৩.১৪ সেকেন্ডে দৌড় শেষ করে এ কীর্তি গড়েন জোশুয়া। এ ইভেন্টে ২৭ মিনিট ১.১৭ সেকেন্ড সময় নিয়ে আগের রেকর্ডটি ইথিওপিয়ার কেনেনিসা বেকেলের। ২০০৮ বেইজিং অলিম্পিকে বেকেলে গড়েছিলেন এ রেকর্ড।
তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন জোশুয়া ২০২০ টোকিও অলিম্পিকে রৌপ্য জিতেছিলেন। এবার অলিম্পিক রেকর্ডের সঙ্গে স্বর্ণ জয়ের আক্ষেপও ঘোচালেন। প্যারিস অলিম্পিকে এটাই উগান্ডার প্রথম পদক। ২৬ মিনিট ৪৩.৪৪ সেকেন্ড সময় নিয়ে কাল এই ইভেন্টে রৌপ্য জিতেছেন ইথিওপিয়ার বেরিহু আরেগায়ি। তার চেয়ে মাত্র ০.০২ সেকেন্ড পর ফিনিশ লাইন স্পর্শ করে ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের গ্রান্ট ফিশার।
বেইজিংয়ে বেকেলেকে রেকর্ড গড়তে দেখেই অনুপ্রাণিত হওয়া জোশুয়া বলেন, ‘তরুণেরা জীবনে যা অর্জন করতে চায়, তা অর্জন করাই তাদের স্বপ্ন। ১৬ বছর আগে বেইজিংয়ে গ্রেট কেনেনিসা বেকেলেকে জিততে দেখেছি। তখন থেকেই এটা আমার হৃদয়ে লালন করেছি। আমি বলেছিলাম, কোনো না কোনো দিন আমি অলিম্পিক চ্যাম্পিয়ন হব।’
শেষ ৪০০ মিটারের আগ পর্যন্ত এগিয়ে ছিলেন ইথিওপিয়ার আরেগায়ি। বেল বাজার ঠিক আগমুহূর্তে জোশুয়া সবাইকে পেছনে ফেলেন। শেষ পর্যন্ত ইথিওপিয়ার আরেগায়ির চেয়ে ৩০ সেকেন্ড আগে ফিনিশ লাইন ছুঁয়ে উগান্ডাকে প্রথম স্বর্ণ এনে দেন জোশুয়া।
