ভূমিধসে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ভারতের কেরালার ওয়েনাডে। গ্রামের পর গ্রাম ধসে যাচ্ছে। মৃতের সংখ্যা ৪০০ পেরিয়ে এবং নিখোঁজ অসংখ্য মানুষ। এমন অবস্থায় বিপর্যয় মোকাবেলা করতে শুরু হয়েছে উদ্ধারকাজ।
এরইমধ্যে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন দক্ষিণী তারকারা। দুর্গতদের পাশে দাঁড়ান দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন। কেরালার রিলিফ ফান্ডে ২৫ লাখ রুপি দান করেন। এবার ওয়েনাডে পুনর্বাসনের জন্য আর্থিক সাহায্যের হাত বাড়ালেন চিরঞ্জিবী এবং তার পুত্র রামচরণ। বাবা-ছেলে মিলে এক কোটি রুপি অনুদান দিয়েছেন বলে জানা গেছে।
কেরালার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদান দিয়ে মেগাস্টার চিরঞ্জিবীর মন্তব্য, গত কয়েক দিনে প্রকৃতির রোষে পড়ে কেরালায় ধ্বংসযজ্ঞের ফলে শত শত জীবনহানি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণও প্রচুর। ওয়ানাডের এমন বিপর্যয়ে আমরা গভীরভাবে মর্মাহত। আমি এবং রামচরণ এক কোটি রুপি দিলাম। যাদের ক্ষতি হয়েছে, আমরা তাদের পাশে রয়েছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি দ্রুত যেন সব ঠিক হয়ে যায়।
এই ভূমিধসের ঘটনায় ওয়ানডের অন্তত ৩৫০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। প্রতিকূল আবহাওয়ায় বার বার বিঘ্নিত হয়েছে উদ্ধারকাজ।
