সালাউদ্দিনের পদত্যাগের আল্টিমেটাম

আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ০৮:৫২ পিএম

ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে দেশত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ চাইলেন ফুটবল সমর্থকরা। এর জন্য ২৪ ঘন্টার আল্টিমেটামও বেঁধে দিয়েছে বাংলাদেশি ফুটবল আলট্রাস নামে সমর্থকদের একটি সংগঠন।

সাম্প্রতিক সময়ে গ্যালারিতে বাংলাদেশি ফুটবল আলট্রাসের সরব উপস্থিতি বেশ আলোচিত হয়েছে। রাষ্ট্রীয় পট পরিবর্তনের পর এই সমর্থকরা মনে করেন দেশের ফুটবলকে খাদের কিনারে নিয়ে যাওয়া বাফুফের প্রধানের আর এক মুহূর্তে দায়িত্বে থাকার অধিকার নেই।

সোমবার রাতে আলট্রাসের কয়েকজন বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে গিয়ে লিখিত চিঠিও দিয়ে এসেছেন বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলট্রাস সভাপতি আমিনুল বেপারী শিপলু আনুষ্ঠানিক ঘোষণা দেন। সেখানে বলা হয়, “সালাউদ্দিনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হলো। সেচ্ছ্বায় পদত্যাগ না করলে, আগামীকাল (মঙ্গলবাল) আমরা টেনে নামাবো। ২৪ ঘন্টা পর, বাফুফে ভবন দখল নেওয়া হবে।”

আলট্রাসের প্রযুক্তি সম্পাদক ইয়াসিন মোল্লা বিষয়টি নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে গেছেন। তিনি যেহেতু নাই, আমরা জানি আগামীতে সালাউদ্দিনের আর বাফুফের সভাপতি হওয়ার সুযোগ নাই। তবে আমরা তাকে আর একদিনও বাফুফের সভাপতি পদে দেখতে চাই না। আমরা চাই ২৪ ঘন্টার মধ্যে তিনি সেচ্ছ্বায় দায়িত্ব ছাড়ুক। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের এই ঘোষণা হয়তো সবাই দেখবে না। তাই আমরা রাতে বাফুফে ভবনে গিয়ে আমাদের লিখিত ঘোষণা দিয়ে আসবো।’

এদিকে আলট্রাসের এই ঘোষণার মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। যেখানে একজন সমর্থক এই উদ্যোগ থেকে বিরত থাকতে বলে ফিফার নিষেধাজ্ঞা আসার শঙ্কার কথা জানিয়ে।

তোফাজ্জল হোসেন তানভির নামে এক সমর্থক লিখেছেন, “এটা কোনই দরকার নেই। এর ফলে ফিফা আমাদের ফুটবলকে নিষিদ্ধ করে দিতে পারে। কয়েক মাসের মধ্যেই বাফুফে সভাপতির মেয়াদ শেষ হবে। এরপর নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি দায়িত্ব নিবে। তাছাড়া আমরা হামজা চৌধুরীকে জাতীয় দলে পাওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছি। যদি বাফুফে এখন ব্যান্ড হয়, সেটা আমাদের ফুটবলের জন্য ভালো হবে না। জোড়পূর্বক তাকে (সালাউদ্দিনকে) নামাতো ভালো কোন সিদ্ধান্ত নয়।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত