বিশ্বকাপ আয়োজকের দায়িত্ব হাতছাড়া হতে পারে বাংলাদেশের

আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক এবার বাংলাদেশ। আগামী অক্টোবরে হওয়ার কথা প্রতিযোগিতাটি। কিন্তু বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বিগ্ন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই পরিস্থিতিতে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজকের দায়িত্ব হাতছাড়া হতে পারে বাংলাদেশের।

এমন সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। 

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজন কতটা নিরাপদ বা সম্ভব হবে, তা নিয়ে উদ্বিগ্ন আইসিসি কর্তারা। তবে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। আপাতত পরিস্থিতির দিকে নজর রাখার সিদ্ধান্ত নিয়েছেন আইসিসি কর্তারা। 

আগামী ৩ থেকে ২০ অক্টোবর পর্যন্ত মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা। ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলি হওয়ার কথা।

আইসিসির এক কর্তার বরাত দিয়ে আনন্দবাজার প্রতিবেদনে বলা হয়েছে, ‘আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। সে দেশের পরিস্থিতির উপরও নজর রাখা হচ্ছে। বাংলাদেশের নিরাপত্তা বাহিনী এবং আমাদের নিরাপত্তা বিশেষজ্ঞেরাও কথা বলছেন। ক্রিকেটারদের নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন সম্ভব না হলে, বিকল্প আয়োজক দেশের কথাও ভাবতে শুরু করেছেন আইসিসি কর্তারা। আর কিছু দিন দেখে সিদ্ধান্ত নিতে চান তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত