যশোরে দুর্বৃত্তদের আগুনে জাবের ইন্টারন্যাশনাল পুড়ে ছাই, এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে কয়েক মিনিট পরপর অ্যাম্বুলেন্স আসছে যশোর সদর হাসপাতালে। এদিকে এ ঘটনায় আহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি গেলেও হাসপাতালের সার্জারি ও মেডিসিন বিভাগে ভর্তি হয়েছেন অনেকেই।
সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পরে দুপুর সাড়ে তিনটা নাগাদ একদল দুর্বৃত্ত আগুন দেয় জাবের ইন্টারন্যাশনালে। এসময় বিল্ডিংয়ে থাকা কর্মচারী ও সাধারণ মানুষ আটকা পড়ে। একপর্যায়ে আগুন পুরো বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে।
আগুনের তীব্রতা ও মানুষের আর্তনাদে ফায়ারসার্ভিস আসার আগেই এগিয়ে আসে সাধারণ মানুষ ও বিভিন্ন কলেজের শিক্ষার্থী। আটকা পড়াদের জীবন বাঁচাতে বাইরের অনেকেই আহত হয় এবং কয়েকজন পুঁড়ে মারা যায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
আহত এক শিক্ষার্থী জানান, আগুনের তীব্রতা থেকে বাঁচার জন্য মানুষ বিল্ডিংয়ের বিভিন্ন তলা থেকে চিৎকার করে এবং অনেকে বিল্ডিং থেকে লাফ দেয়। এটা দেখেই মানুষকে বাঁচাতে আমি বিল্ডিংয়ে ঢুকে যায়। দ্বিতীয় তলায় পৌঁছালে ৪-৫ টা লাশ পড়ে থাকতে দেখি, যা পুড়ে কয়লা হয়ে গেছে। এরপর তৃতীয় তলা থেকে ১৫-২০ জনকে ফায়ারসার্ভিসের সহযোগিতায় বের করে দেওয়ার সময় পড়ে গিয়ে আমার হাত ও পায়ে গুরুতর আঘাত লাগে।
যশোর সদর হাসপাতাল মর্গে সরজমিনে গিয়ে দেখা যায়, রাত সাড়ে নয়টা পর্যন্ত মোট ২১টি মরদেহ এসেছে। যার মধ্যে ১৪টি লাশ শনাক্ত করা গেলেও বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি। মৃতদের মধ্যে ৪ জন কলেজ পড়ুয়া শিক্ষার্থী ছিলেন।
ফায়ারসার্ভিস কর্মকর্তারা জানান, আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে, আমরা উদ্ধার কাজ চালাচ্ছি। ভেতরে অনেক লাশ থাকতে পারে।
