লালমনিরহাটে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের পুড়ে যাওয়া বাসা থেকে ৬ জনের মরদেহ উদ্ধার।সোমবার (৫ আগস্ট) লালমনিরহাট সদর থানা রোড (কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন) এলাকার বাড়িতে বিকালে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধরা। এ ঘটনার পরে বাড়ি থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলোর পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, সরকারের পদত্যাগ খবর ছড়িয়ে পড়লে শহরে বিভিন্ন জায়গায় থেকে বিক্ষুব্ধরা জড়ো হতে থাকেন। পরে তারা একটি আনন্দ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে মিছিলটি নিয়ে শহীদ মিনার এলাকার যাওয়ার সময়ে কয়েকজন বিক্ষুব্ধ তার বাড়িতে ভাঙচুর করে অগ্নিসংযোগ করেন। পরে সেনাবাহিনীর সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ আনে। এতে অগ্নিসংযোগকৃত বাড়ি থেকে ৬জনের মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের লালমনিরহাটের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) সহিদার রহমান বলেন, “খবর পেয়ে সেনাবাহিনীর সহায়তায় ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করি। পরে এ বাড়ি থেকে ছয় জনের মরদেহ উদ্ধার করা হয়।”
