কুমিল্লা নগরীর অশোকতলায় সাবেক কাউন্সিলর মো. শাহ আলমের তিনতলা বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুনে অন্তত ছয়জন নিহত হয়েছে। সোমবার রাত ও আজ মঙ্গলবার সকালে বাড়িটি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এদের মধ্যে পাঁচজনই কিশোর।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার আনুমানিক রাত ৮টার দিকে বিক্ষুব্ধ জনতা অশোকতলায় কুমিল্লা সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহ আলমের বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে কয়েকজন বাড়িটির তিনতলায় উঠে পড়ে। এ সময় অন্যরা বাড়িটির নিচতলায় আগুন ধরিয়ে দেয়। পরে তিনতলায় অবস্থানকারীরা ধোঁয়ায় শ্বাস বন্ধ এবং আগুনে পুড়ে নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। এদের মধ্যে গুরুতর আহত একজন আইসিইউতে চিকিৎসাধীন।
নিহতরা হলেন নগরীর অশোকতলা এলাকার আশিক (১৪), শাকিল (১৪), শাওন (১২), মাহফুজুর রহমান (২২), রনি (১৬) ও মহিন (১৭)। আজ বিভিন্ন সময় জানাজা শেষে তাদের দাফন করা হয়েছে।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি ফিরোজ হোসেন বলেন, বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিকট থেকে তিনি শুনেছেন। তবে পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ না করায় পুলিশ মরদেহ থানায় আনেনি।
গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন কুবি শিক্ষার্থী
নিজাম হাজারীর ‘গণভবন’ এখন ধ্বংসস্তূপ 