প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর গতকাল সোমবার বিকালে সিলেট পুলিশ সুপার কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল। আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত সেই ভবন থেকে আগুনের কালো ধোঁয়া বের হচ্ছিল। পরে সেনা সদস্যদের উপস্থিতিতে ফায়ার সার্ভিসের একটি গাড়ি এসে পোড়া ভবনে অনেকক্ষণ পানি ছিটিয়ে যায়। অবশ্য আগুনে পুলিশ সুপার কার্যালয়ের বহুতল ভবনটি পুড়ে ছাই হয়েছে। কার্যালয়ের সকল আসবাবপত্র, কাগজপত্র পুড়েছে। কার্যালয়ের সামনে থাকা কয়েকটি গাড়িও পুড়ানো হয়েছে। একইভাবে সিলেট জেলা ও মেট্রোপলিটন পুলিশের সবগুলো থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। আজ মঙ্গলবার থানাগুলো ক্ষতচিহ্ন নিয়ে দাঁড়িয়ে থাকলেও কোন থানায়ই ছিলেন না পুলিশের কোনো সদস্য।
গতকাল সোমবার বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত সিলেটে বিএনপি, জামায়াতসহ ছাত্র-জনতা ব্যাপকভাবে আনন্দ-উল্লাস করে। ওই সময় আওয়ামী লীগের মন্ত্রী, এমপিসহ অনেক নেতার বাড়িতে হামলা, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটও করে দুর্বৃত্তরা। এই প্রেক্ষিতে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র, বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী নগরীতে ট্রাকযোগে মাইকিং করে হামলা-ভাঙচুর-লুটপাট বন্ধের অনুরোধ জানান। পাশাপাশি মন্দিরসহ নগরীর হিন্দু অধ্যুষিত এলাকাগুলোর নিরাপত্তায় সবাইকে সহযোগিতার আহ্বান জানান। উদ্বেগ-উৎকণ্ঠায় রাত কাটলেও সিলেট নগরীতে হিন্দু পরিবারে কিংবা কোনো মন্দিরে বড় ধরনের হামলার কোনো খবর পাওয়া যায়নি। বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার সরকারি, বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও নগরীতে মানুষের চলাচল ছিল কম। সরকারি অফিসে কর্মকর্তা-কর্মচারী ছিলেন অনুপস্থিত। শিক্ষা প্রতিষ্ঠানেও পাঠদান হয়নি। সড়কে যান চলাচল বাড়লেও কোটা সংস্কার আন্দোলন ঘিরে কয়েকদিনের সহিংসতা এবং শেখ হাসিনার পদত্যাগের পর হামলা-লুটপাট ও অগ্নিসংযোগের ফলে মানুষের মনে চাপা আতঙ্ক বিরাজ করছে। কিছু দোকানপাট খুললেও সামনের কলাপসিবল গেট ছিল বন্ধ।
এদিকে মঙ্গলবার বিকালে সিলেট জেলা ও মহানগর বিএনপি সংবাদ সম্মেলন করে সিলেটে হামলা—লুটপাটকারী দুর্বৃত্তদের প্রতিহত করার জন্য দলীয় নেতাকর্মীসহ সকলের প্রতি আহ্বান জানিয়েছে। কোন হামলা—লুটপাট যাতে না হয় সেজন্য বিএনপি কঠোরভাবে কাজ করছে বলেও নেতৃবৃন্দ জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ছাত্র-জনতার আন্দোলন ও শত শত শহীদের রক্তের বিনিময়ে যে বিজয় অর্জিত হয়েছে তা অক্ষুণ্ণ রাখতে হবে। দুর্বৃত্তরা যাতে কোনো সুযোগ না পায় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদীর, আরিফুল হক চৌধুরী, ড. এনামুল হক চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী প্রমুখ।
