দেয়ালে দেয়ালে আন্দোলনে শহীদদের ফুটিয়ে তুলছে ওরা

আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ০৬:০২ পিএম

'মুক্তিরো মন্দিরো সোপানো তলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে' এমন নানা স্লোগানে দেয়ালে দেয়ালে লেখনিতে ফুটিয়ে তুলেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বগুড়া শহরের সাতমাথার অবস্থিত জিলা স্কুলের দেয়ালে এমন চিত্র দেখা গেছে। দেয়াল লিখন ও অংকনে অংশ নিয়েছে বগুড়া জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, বগুড়া আর্ট কলেজের শিক্ষার্থীরাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বগুড়া জিলা স্কুলের প্রাচীরে কোটা সংস্কার আন্দোলন ও সর্বশেষ সরকার পতন আন্দোলনে শহীদ হওয়া বীর যোদ্ধাদের ছবি ও তাদের স্মরণে বিভিন্ন গ্রাফিতি আঁকা হয়েছে ও গাওয়া হয়েছে নানা মুক্তির জয়গান। দেয়ালে লেখনিতে স্মরণ করা হয়েছে শহীদ মুগ্ধর 'পানি লাগবে পানি' শহীদ আবু সাঈদের ছবি দিয়ে লেখা হয়েছে 'ওই মাটিতে আমার রক্ত?, ৩৬ জুলাই, আব্রাহাম লিংকনের বিখ্যাত উক্তি 'Government of the people for the people, by the people',  'তুমি বীর চির উন্নত মম শীর', 'পূর্ব দিগন্ত সূর্য উঠেছে, 'হোক প্রতিবাদ', ৭১ দেখিনি ২৪ দেখেছি' সহ নানা জয়গান।

গ্রাফিতি আঁকা শিক্ষার্থীরা বলেন, আমরা ৭১ দেখিনি, তবে ২৪ এ স্বাধীনতা দেখছি। আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলব। আমাদের বীর শহীদ ভাই-বোনদের স্মরণে গ্রাফিতি আঁকছি। এ প্রজন্মের যোদ্ধাদের আগামী দিনে সকল যুদ্ধে প্রেরণা হিসেবে নেবে।

শিক্ষার্থীদের এই কর্মসূচি পালনের বিষয়ে সংস্কৃতিকর্মী আব্দুল আলিম বলেন, দেশের মানুষের মাঝে গণজাগরণ তুলেছিল এই ছাত্র জনতা। তাদের জন্য শুভ কামনা।

অভিনেত্রী মীলা মনজুষা বলেন, এরা আমাদের এ প্রজন্মের যোদ্ধা। এরা দেখিয়ে দিল আবারও ছাত্র জনতা সবকিছু পারে। এদের হাতধরে আবারও নতুন বাংলাদেশ গড়ে উঠবে।

শিক্ষক রানু বলেন, এরা দেশের জন্য সব করতে পারে। দেশের জন্য ছাত্ররা যা করেছে তা স্মরণীয় হয়ে থাকবে।

বগুড়ার বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক নিয়তি সরকার বলেন, আমাদের ধারাবাহিক কার্যক্রম চলছে। দেশ গড়ায় আমরা দীপ্ত হাতে কাজ করে করে যাব। বগুড়াতেও তার ধারাবাহিকতা থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত