সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার যাওয়ার সময় বরিশাল ও খুলনা আওয়ামী লীগের দু’জন নেতাকে আটক করা হয়েছে। বিজিবি দু’জনের আটকের তথ্য প্রদান করলেও ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা জানান, বরিশাল মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক নীরব হোসেনকে (টুটুল) আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১০টার দিকে সেখান থেকে তাকে আটক করে বিজিবি। নীরব হোসেনের বাড়ি বরিশাল নগরের নাজির মহল্লার হারুন অর রশিদের ছেলে। অপরজন খুলনার বাসিন্দা আমজাদ হোসেন। তাকে বসিয়ে রাখা হয়েছে, এখনো আটক কি না তা ইমিগ্রেশন নিশ্চিত নন।
সাতক্ষীরা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ জুয়েল আহমেদ জানান, তাদের নির্দেশ দেওয়া হয়েছে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যরা এ পথে যেন ভারতে পালিয়ে যেতে না পারেন। সে অনুযায়ী কাজ করছে সরকারি বিভিন্ন বিভাগ।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, তাদের কাছে গোপন সংবাদ ছিল রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে এমন মানুষ ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যেতে পারেন। এর ভিত্তিতে সীমান্তের তল্লাশি চৌকিতে বিশেষ নজর রাখা হয়। আজ সকাল ১০টার দিকে নীরব হোসেন ইমিগ্রেশন পার হয়ে ভারতে যাচ্ছিলেন। সেখান থেকে তাকে আটক করা হয়। এছাড়া দুপুরে আমজাদকেও আটক করা হয়েছে।
