বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল বৃহস্পতিবার রাতে ড. ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন। তার শপথ নেওয়ার পর টুইট করেন মোদি।
এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় ড. ইউনূসকে শুভেচ্ছা জানান মোদি। সেই সঙ্গে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন তিনি। মোদি লিখেছেন, বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরার আশা করছি। হিন্দুসহ অন্যান্য সব সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিতের কথাও বলেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের নাগরিকদের নিরাপত্তা, উন্নয়ন ও শান্তির জন্য বাংলাদেশের সঙ্গে ভারত কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার স্থানীয় সময় গত বুধবার এ কথা জানান।
ওই দিন ওয়াশিংটনে এক সংবাদ ব্রিফিংয়ে মিলার বলেন, ‘গতকাল (মঙ্গলবার) আপনারা পররাষ্ট্রমন্ত্রীকে (অ্যান্টনি ব্লিঙ্কেন) বলতে শুনেছেন, গণতন্ত্রের মূলনীতি, আইনের শাসন ও বাংলাদেশি জনগণের ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে (বাংলাদেশের) অন্তর্বর্তীকালীন সরকারকে সব সিদ্ধান্ত নিতে হবে।’ মিলার জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রাখবে।
গণবিক্ষোভের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তার তিনদিন পর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার।
শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা আপাতত ভারতে অবস্থান করছেন। তবে তারা তৃতীয় কোনো দেশে আশ্রয় প্রার্থনা করতে পারেন। কয়েকটি গণমাধ্যমে জানানো হয়, হাসিনার যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মিলার বলেন, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, ভিসা সংক্রান্ত নথি অত্যন্ত গোপনীয়। এ কারণে তিনি কোনোভাবেই এ বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে পারছেন না।
সাবেক প্রধানমন্ত্রীর সন্তান ও যুক্তরাষ্ট্র প্রবাসী সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য সম্পর্কে মিলারকে প্রশ্ন করা হলে তিনি জানান, এ বিষয়ে তার কোনো মন্তব্য নেই। তিনি বলেন, ‘আমি ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কথা বলেছি। তাদের কাছ থেকে আগামীতে কী কী উদ্যোগ প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র, সেটাও জানিয়েছি।’
