শপথ নিয়ে যে বার্তা দিলেন দুই সমন্বয়ক   

আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ০২:৫৭ পিএম

বাংলাদেশ পুনর্গঠন ও নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরির প্রতিশ্রুতি দিয়ে অন্তর্বর্তী সরকারের তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সব ধরনের আলোচনা, সমালোচনা ও পরামর্শ আমাদের পাথেয় হবে। অন্যদিকে ব্যক্তিগত লাভের আশায় আবদার ও তদবির করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

গতকাল বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর পৃথক ফেসবুক পোস্টে এসব কথা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ও আসিফ। 

প্রতিবাদী ছাত্র-জনতাকে ধন্যবাদ, অভ্যুত্থানের শহীদদের স্মরণ ও আহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি লেখেন, ‘সবার আত্মত্যাগের ফলেই আমরা একটি নতুন বাংলাদেশের সূচনা করতে পারছি। সবার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি, কয়েক দিন ধরে আমি নিরাপত্তাজনিত কারণে ও শারীরিক অসুস্থতার জন্য যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম।’

নাহিদ ইসলাম আরও জানান, ‘শহীদের রক্ত ও বহু মানুষের আত্মত্যাগের ফলে এই অর্জন এখনো অনেক দূর যাওয়া বাকি। বাংলাদেশ পুনর্গঠন ও নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরি করা আমাদের অন্যতম প্রতিশ্রুতি। তরুণ প্রজন্মের এই জেগে ওঠাকে আমাদের অব্যাহত রাখতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকার ও রাজপথ উভয় জায়গায় উপস্থিতি রাখবে। ছাত্র-নাগরিক অভ্যুত্থানের সরকারকে স্বাগত জানাই। সবাইকে পাশে থাকার আহ্বান জানাই। আপনাদের সব ধরনের আলোচনা, সমালোচনা ও পরামর্শ আমাদের পাথেয় হবে। সবার দোয়া ও ভালোবাসা কামনা করছি। আবারও প্রতিবাদী ছাত্র-জনতাকে ধন্যবাদ’

আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে লিখেছেন, ‘ব্যক্তিগত লাভের আশায় আবদার ও তদবির করা থেকে বিরত থাকুন। এতে করে আমার সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। দেশ গঠনে পরামর্শ থাকলে জানাবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত