আমি সক্রিয় রাজনীতিতে ফিরতে প্রস্তুত: জয়

আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ০৫:০১ পিএম

বাংলাদেশে দেশে নেতৃত্বে শূন্যস্থান রয়েছে। তাই দলের স্বার্থে সক্রিয় রাজনীতিতে ফিরতে চান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। ওয়াশিংটন থেকে ফোনে টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় এ কথা জানান। 

তবে গত সোমবার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার পর বিবিসি জয়ের কাছে জানতে চেয়েছিল, দেশে ফিরে তার নেতৃত্ব দেওয়ার ইচ্ছা আছে কিনা। সে সময় তিনি বলেছিলেন, ‘সত্যি কথা বলতে, এরকম কোনো ইচ্ছা নেই। এটা আমার পরিবারের জন্য তৃতীয় ধাক্কা। যেমন মানুষ, তেমন নেতাই তাদের পাওয়া উচিত।‘

তিনি আরও বলেছিলেন, 'আমি ও আমার পরিবার বিদেশে বড় হয়েছি, সেখানেই বাস করি। বাংলাদেশের ডিজিটাইলাইজেশনের জন্য আমি বিনা পয়সায় উপদেষ্টা হিসাবে কাজ করেছি। আমি সফল হয়েছি, বাংলাদেশের গ্রাম-গঞ্জে আমি ডিজিটাল কানেক্টিভটি নিয়ে গেছি। সেই বাংলাদেশের মানুষ আমার মায়ের সঙ্গে এরকম করেছে, আমার নানাকে অসম্মান করেছে, যিনি এই দেশের প্রতিষ্ঠাতা, এটা মেনে নেওয়া আমার জন্য অনেক কঠিন। বাংলাদেশের মানুষের সঙ্গে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না।'

তবে এখন রাজনীতিতে সক্রিয় হওয়ার কারণস্বরূপ জয় বলেন, ‘আমাদের দল এবং কর্মীদের হিংসার হাত থেকে বাঁচাতে যা যা করার দরকার, তা আমি করব। যদি রাজনীতিতে যোগ দেওয়ার প্রয়োজন পড়ে, তবে পিছিয়ে আসব না। আমার রাজনীতিতে আসার কোনো উচ্চাঙ্ক্ষা ছিল না। আমি আমেরিকাতেই পাকাপাকিভাবে থাকতে চেয়েছিলাম। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে দেশে নেতৃত্বে শূন্যস্থান রয়েছে। দলের স্বার্থে আমি সক্রিয় হয়েছি।’

জয় বলেন, ‘আপাতত মা ভারতে আছেন। অন্তর্বর্তী সরকার দেশে নির্বাচন করানোর সিদ্ধান্ত নিলেই তিনি বাংলাদেশে ফিরবেন। আমি নিশ্চিত আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশ নেবে এবং আমরা জিততেও পারি। বাংলাদেশে আমাদের অনেক সমর্থক রয়েছেন।’

শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারতের নরেন্দ্র মোদি সরকারকে ধন্যবাদ দিয়ে জয় বলেছেন, ‘আওয়ামী লীগ ভারতের সব সময়ের সহযোগী।’ 

তবে ভারত থেকে হাসিনা কোথায় যাবেন বা তার পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে এখনও কোনোও স্পষ্ট বক্তব্য মেলেনি কোনো পক্ষের তরফ থেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত