বাংলাদেশের নবগঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শুক্রবার (৯ আগস্ট) এক এক্স বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
এক্স বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, তিনি বাংলাদেশকে একটি সম্প্রীতি ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে ড. ইউনূসের সাফল্য কামনা করেন। পাশাপাশি পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা আরও গভীর করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন শাহবাজ শরিফ।
প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর বৃহস্পতিবার (০৮ আগস্ট) রাতে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী এ সরকারে তাঁর সঙ্গে উপদেষ্টা হিসেবে ১৪ জন শপথ নিয়েছেন।