বাড়িতে থাকা ক্যাকটাসের কীভাবে যত্ন নেবেন

আপডেট : ১০ আগস্ট ২০২৪, ১২:২৩ এএম

অনেকেই বাড়িতে ক্যাকটাস রাখছেন। ক্যাকটাসে যতই কাঁটা থাকুক, ক্যাকটাসের আকর্ষণ কিন্তু অনবদ্য। ক্যাকটাসে রোজ পানি দেওয়ার ঝামেলা নেই। বাড়ির ভেতরেও রাখা যায় অনায়াসে। তাই ইনডোর প্ল্যান্টের মধ্যে ক্যাকটাসের চাহিদা ভালোই বেড়েছে। বাড়িতে রাখা ক্যাকটাসের কীভাবে যত্ন  নেবেন জেনে নিন

মাটি

মাটিতে পানি জমে থাকলে সেই মাটিতে ক্যাকটাস বাড়তে পারে না। সাধারণভাবে বেশিক্ষণ পানি ধরে রাখে না এমন মাটিই ক্যাকটাসের জন্য আদর্শ। ক্যাকটাসের মাটি তৈরি করতে লাগবে ১০ শতাংশ বালি, ৪০ শতাংশ মাটি আর ৫০ শতাংশ পারলাইট। এর মধ্যে খানিকটা রক ডাস্ট মিশিয়ে নিন। এ বার এই মাটি টবে ঢেলে অল্প পানি দিন। টবের ওপরের দিকের মাটিতে ছোট ছোট পাথর, নুড়ি ছড়িয়ে রাখতে পারেন।

পানি

ক্যাকটাসের শিকড় বিস্তৃত হলেও চার-পাঁচ মাস সময় লাগে। খেয়াল রাখতে হবে, ক্যাকটাসের শিকড় যেন পচে না যায়। রোজ এই গাছে পানি দেওয়ার প্রয়োজন নেই। বসন্ত ও গরমকালেই ক্যাকটাস বাড়ে। এ সময়েই পানি দিলে ভালো। শীতের সময় পানি অল্প দেবেন। ক্যাকটাসের জন্য ভালো পানি নিষ্কাশনের প্রয়োজন। তাই ক্যাকটাসের টবের নিচে একাধিক ছিদ্র করে দিতে হবে, যাতে গাছের গোড়ায় পানি জমে না যায়।

আলো

ক্যাকটাসের কিন্তু দিনে অন্তত ছয় থেকে আট ঘণ্টা উজ্জ্বল সূর্যালোক প্রয়োজন। তবে কিছু কিছু প্রজাতি সূর্যের প্রখর আলো সহ্য করতে পারে না। তাই কোনো ধরনের ক্যাকটাস কিনছেন এবং সেই নির্দিষ্ট প্রজাতির ক্যাকটাসের জন্য কতটা আলো দরকার তা গাছ বিক্রেতার থেকে জেনে নেবেন।

সার

ক্যাকটাস যেহেতু রুক্ষ ও শুষ্ক জায়গাতেও বেঁচে থাকতে পারে, তাই বেশি সার দেওয়ার প্রয়োজন হয় না। খেয়াল রাখবেন, সারে যেন নাইট্রোজেনের চেয়ে ফসফরাসের মাত্রা বেশি থাকে। বছরে দু-তিনবার সার দিন পোকা-মাকড়মুক্ত রাখতে বাড়িতে এক টেবিল চামচ ভিনিগার, বেকিং সোডা ও পানি মিশিয়ে ক্যাকটাসে স্প্রে করতে পারেন। মাসে একবার স্প্রে করলেই যথেষ্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত