ড. ইউনূস বললেন

আবু সাঈদ যেভাবে দাঁড়িয়েছে, আমাদেরও সেভাবে দাঁড়াতে হবে 

আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০৩:০৫ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আবু সাঈদ যেমন দাঁড়িয়েছে, আমাদেরকেও সেভাবে দাঁড়াতে হবে। যারা পার্থক্য করে না। আমরা সবাই বাংলাদেশি, আমরা বাংলাদেশেরই সন্তান। আবু সাঈদের মা, সবার মা।

শনিবার সকাল ১১টার দিকে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করে এসব কথা বলেন তিনি। 

আবু সাঈদের আত্মত্যাগের কথা স্মরণ করে ড. ইউনূস বলেন, যে কাজটা সে করেছে, এটা নিয়ে যুগ যুগ ধরে কবিতা হবে, নাটক হবে। মানুষ স্মরণ করবে তাঁকে। 
  
তিনি বলেন, আমাদের কাজ হলো যে স্বপ্নের পেছনে দাঁড়িয়ে আবু সাঈদ বুক পেতে দিয়েছিল, আমাদের কাজ হবে সেই স্বপ্ন বাস্তবায়ন করা। যে লক্ষ্য নিয়ে সে বুক পেতে দিয়েছিল, যার কারণে কোটি কোটি ছেলে-মেয়ে বন্দুকের সামনে দাঁড়িয়েছিল, ভয় পায়নি। এই আবু সাঈদ আমাদের পথ দেখিয়ে গিয়েছে। সে কারণে আজকে আমরা নতুন বাংলাদেশ পেলাম। আবু সাইদ এখন এক পরিবারের ছেলে নয়; দেশের সকল পরিবারের সন্তান। 

 ড. ইউনূস আরও বলেন, ছোট ছেলে-মেয়েরা পড়বে আবু সাঈদের কথা। নিজে নিজে প্রস্তুত হবে— আমিও ন্যায়ের জন্য লড়ব। আমিও বুক পেতে দেবো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত