অস্ত্র কিনতে ইসরায়েলকে ৩৫০ কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০৬:০৬ পিএম

ইসরায়েলকে মার্কিন অস্ত্র ও সামরিক সরঞ্জাম ক্রয়ের জন্য ৩৫০ কোটি ডলার দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। গতকাল (শুক্রবার) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর থেকে এ তথ্য জানানো হয়। চলমান গাজা সংঘাতকে ঘিরে মার্কিন কংগ্রেস তহবিল বরাদ্দ করার কয়েক মাস পরে এই অর্থ প্রদানের ঘোষণা এলো। খবর রয়টার্স ও সিএনএনের। 

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৯ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তরের একাধিক কর্মকর্তা জানান, ইসরায়েলের সঙ্গে গাজার যুদ্ধ চলাকালীন  ইসরায়েলের জন্য ৩৫০ কোটি ডলার বরাদ্দ করে মার্কিন কংগ্রেস। সম্প্রতি ইরানের সঙ্গে ইসরায়েলের উত্তেজনা বাড়তে থাকায় মূলত এ সহায়তা করা হচ্ছে।

এদিকে গাজায় ইসরায়েল তাদের আগ্রাসন জারি রেখেছে। দক্ষিণ গাজার শহর খান ইউনিসে গত বৃহস্পতিবার ও শুক্রবার আক্রমণ চালিয়েছে তারা। এতে নিহত হয়েছেন কয়েক ডজন মানুষ। বাস্তুহারা হয়েছে হাজার হাজার গাজাবাসী। 

মার্কিন পররাষ্ট্র দফতরের একাধিক কর্মকর্তা জানান, এই অর্থ বরাদ্দের ব্যাপারে সরকারের অভিপ্রায় কংগ্রেসে জানিয়েছে তারা। গত এপ্রিলেই ইসরায়েলকে যুদ্ধের সরঞ্জাম কেনার জন্য সহায়তা দিতে কংগ্রেসে ১ হাজার ৪০০ কোটি (১৪ বিলিয়ন) ডলারের বিল পাস হয়। সিএনএন তার এক প্রতিবেদনে জানিয়েছে, সে বিলের সম্পূরক হিসেবে এই অর্থ দেয়া হচ্ছে। 

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন বলছে, হামাস-শাসিত ফিলিস্তিনে ইসরায়েলের সামরিক হামলা প্রায় ৪০ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে, বাস্তুচ্যুত করেছে ২৩ লাখ মানুষকে। তৈরি করেছে তীব্র খাদ্য-সংকটও। ইসরায়েলের বিরুদ্ধে আনা জেনোসাইডের অভিযোগ তারা অস্বীকার করে আসছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত