ফ্রান্সকে কাঁদিয়ে বাস্কেটবলে টানা ৫ অলিম্পিক সোনা যুক্তরাষ্ট্রের

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১০:৪৮ এএম

ম্যাচটিকে ফ্রান্সের বাস্কেটবল ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ হিসেবে আখ্যা দেওয়া হচ্ছিল। ঘরের মাঠের অলিম্পিকের ফাইনাল বলে কথা। সোনার লড়াইয়ে এই ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ ছিল বাস্কেটবলের ইতিহাসে সেরা দল যুক্তরাষ্ট্র। ফাইনালে বড় একটা সময় এগিয়ে থেকে সোনার স্বপ্ন দেখা ফ্রান্সকে শেষ পর্যন্ত হতাশায় ডুবিয়েছে স্টিফেন কারির দল।

প্যারিসের বের্সি অ্যারেনায় ফ্রান্সকে কাঁদিয়ে টানা পঞ্চমবারের মতো অলিম্পিকের বাস্কেটবলে সোনা জিতছে যুক্তরাষ্ট্র। মার্কিনিরা ম্যাচটা ৯৮-৮৭ ব্যবধানে জিতেছে।

এদিন ফ্রান্স দীর্ঘ সময় এগিয়ে ছিল। মনে হচ্ছিল যুক্তরাষ্ট্রের একক আধিপত্যে ছেদ পড়তে চলেছে। কিন্তু স্টিফেন কারির এক ঝলকেই ম্যাচের মোড় ঘুরে যায়। একাই ২৪ পয়েন্ট এনে দেন কারি।

সেই সঙ্গে কিংবদন্তি লেব্রন জেমস ৬ রিবাউন্ড আর ১০ অ্যাসিস্টে এনে দিয়েছেন ১৪ পয়েন্ট। এটি জেমসের ক্যারিয়ারের তৃতীয় অলিম্পিক সোনা। 

অন্যদিকে আরেক মার্কিন তারকা কেভিন ডুরান্ট চতুর্থবারের মতো সোনা জিতে রেকর্ড গড়েছেন। প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে অলিম্পিক বাস্কেটবলে চারটি সোনা জিতেছেন তিনি।

স্বাগতিক ফ্রান্সের দিনটা মোটেই ভালো কাটেনি। এর আগের দিন ফুটবল ইভেন্টেও হতাশ হতে হয়েছে ফ্রান্সকে। পার্ক দ্য প্রিন্সেসে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক ফ্রান্সকে ৫-৩ গোলে হারিয়ে সোনা জিতেছে স্পেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত