রাশিয়াতে ইউক্রেনীয় সেনা প্রবেশের কথা জানালেন জেলেনস্কি

  • যুদ্ধ শুরুর পর এই প্রথম রাশিয়ার ভূখণ্ডে প্রবেশ করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী
  • নিরাপত্তার জন্য সীমান্তের দুই পাশ থেকেই প্রচুর মানুষকে সরিয়ে নিচ্ছে রুশ কর্তৃপক্ষ
আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১২:৪৫ পিএম

সীমান্ত পার হয়ে রাশিয়ার ভূখণ্ডে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনারা, জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রাশিয়ার পশ্চিমের কুরস্ক অঞ্চলে হামলা চালাচ্ছে ইউক্রেনীয় সেনারা। শনিবার রাতে টেলিভিশনে (১০ আগস্ট) জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এ কথা স্বীকার করেন জেলেনস্কি। খবর বিবিসি।

ভাষণে জেলেনস্কি বলেন, ইউক্রেনের সামরিক বাহিনী এই যুদ্ধকে ‘আগ্রাসীদের অঞ্চলের দিকে নিয়ে যাচ্ছে।’ 

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০২২ সালে যুদ্ধ শুরুর পর এই প্রথম রাশিয়ার কুরস্ক অঞ্চলের ২০ কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। সেখানে বর্তমানে হাজার হাজার ইউক্রেনীয় সেনার বিরুদ্ধে তীব্র যুদ্ধ করছে রুশ সেনারা।

গত মঙ্গলবার সকালে ইউক্রেনের সেনারা সীমান্ত পার হয়ে রাশিয়ার পশ্চিমের কুরস্ক অঞ্চলে হামলা শুরু করে মস্কোকে চমকে দেন। গতকাল শনিবার ওই হামলা পঞ্চম দিনে গড়িয়েছে। ইতিমধ্যে ইউক্রেনীয় সেনারা রাশিয়ার ভেতর ১০ কিলোমিটার অগ্রসর হয়ে গেছে বলেও জানা যাচ্ছে। 

আড়াই বছরের যুদ্ধে রাশিয়ায় ইউক্রেনের এটি সবচেয়ে বড় হামলা।

এদিকে রাশিয়ার কাছে ইউক্রেনের এই হামলা ছিল অপ্রত্যাশিত। নিরাপত্তার জন্য সীমান্তের দুই পাশ থেকেই প্রচুর মানুষকে সরিয়ে নিচ্ছে রুশ কর্তৃপক্ষ।

ইউক্রেনের হামলার মুখে শনিবার ইউক্রেন সীমান্ত লাগোয়া তিনটি অঞ্চলে পাল্টা বড় ধরনের হামলা শুরু করেছে রাশিয়া। মস্কো এ হামলাকে ‘সন্ত্রাসবাদবিরোধী অভিযান’ হিসেবে বর্ণনা করছে।

অন্যদিকে ইউক্রেনের কর্মকর্তা জানিয়েছেন, রাজধানী কিয়েভেও বিমান হামলা চালিয়েছে রাশিয়া। হামলার মধ্যে শহরটিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত