কালীগঞ্জে ইউএনও’র সঙ্গে ছাত্র আন্দোলনের নেতাদের মতবিনিময়

আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০৮:২০ পিএম

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও শেখ মো. ইমাম রাজি টুটুল এবং উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেনের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা চলমান পরিস্থিতিতে শান্তি ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণকে সঙ্গে নিয়ে সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে ও শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনকে সহযোগিতা করতে সবসময় প্রস্তুত। পাশাপাশি রাষ্ট্রের সকল অফিসে ও প্রতিষ্ঠানে বৈষম্য, দুর্নীতি যেন হতে না পারে তার জন্য রাজপথে আমরা সবসময় সোচ্চার থাকব।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কবি নজরুল কলেজের ছাত্র মো. শরিফুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র রানা সরকার, সরকারি সোহরাওয়ার্দী কলেজের ছাত্র মাহফুজ, নরসিংদী সরকারি কলেজের ছাত্র মিনহাজ, তেজগাঁও কলেজের ছাত্র ফয়সাল ও কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজের ছাত্রী শামিমা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত