হৃদরোগ হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে কক্ষ দখলের অভিযোগ  

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৭:১৯ পিএম

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে এমন সময়ে কক্ষ দখলের ঘটনা ঘটেছে, যখন আওয়ামীপন্থী চিকিৎসকরা অনেকেই গা ঢাকা দিয়েছেন। সোমবার সরকার পরিবর্তনের পর গত বুধবার বিকেলে হাসপাতালে কক্ষ দখল করেন ডা. ফাহদিয়া আফরোজ ঝুমা। তিনি হৃদরোগ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক।

সরকার পরিবর্তনের পর ডা. ফাহদিয়া আফরোজ ঝুমা  হাসপাতাল সংলগ্ন ডক্টরস কোয়ার্টারস থেকে তার স্বামী স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় নেতা এবং জন স্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. শাহ গোলাম নবী তুহিনসহ পরিবারের সদস্য নিয়ে গা ঢাকা দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৭ আগস্ট বিকেলে তিনি হাসপাতালে গিয়ে মধ্য ব্লকের ২১৫ নম্বর কক্ষটি পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে নিজের মালামাল রেখে  তালা ঝুলিয়ে দেন। উক্ত কক্ষটি তার নামে বরাদ্দ না থাকা সত্ত্বেও কর্তৃপক্ষকে না জানিয়ে অফিস সময়ের পরে জোর করে কক্ষটি দখল করে নেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চিকিৎসক জানিয়েছেন। 

হাসপাতাল সূত্র থেকে জানা গেছে ডা. ফাহদিয়ার জন্য মধ্য ব্লকের ২১৩ নম্বর কক্ষটি  বরাদ্ধ রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ২১৫ নম্বর কক্ষটি আগে ভিভিআইপি কেবিন ছিল। সম্প্রতি হাসপাতাল বর্ধিতকরণ হলে  এই কক্ষটিকে সিসিইউ'র (করনারি কেয়ার ইউনিট) মিটিং  রুম হিসেবে রাখে হাসপাতাল কর্তৃপক্ষ। ডা. ফাহদিয়ার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে চিকিৎসক এবং কর্মচারীদের হয়রানি, দুর্ব্যবহার করা,  যথা সময়ে কর্মস্থলে উপস্থিত না হওয়া, ওষুধ কোম্পানীর কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহণসহ নানা অভিযোগ ছিল।

কক্ষ দখলের বিষয় জানতে চাইলে হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। 

 

অভিযুক্ত ডা. ফাহদিয়া আফরোজ ঝুমার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত