পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘুম কেড়ে নিয়েছে সবার। সকল শ্রেণির মানুষ প্রতিবাদে সরব হয়েছেন। অভিনেত্রী গুলশানারা খাতুন সরাসরি অভিযোগের তীর ছুঁড়েছেন পুরুষদের দিকে। প্রতিটা পুরুষকে তিনি ‘পোটেনশিয়াল রেপিস্ট’ বলে মন্তব্য করেছেন। অভিনেত্রী গুলশানা খাতুনের এমন বক্তব্যে ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এ কথা লিখেন।
ফেসবুক পোস্টে অভিনেত্রী গুলশানারা খাতুন লিখেছেন, “হ্যাঁ, আমি বিশ্বাস করি ‘পুরুষ মানেই সম্ভাব্য ধর্ষক।’ আমি আবার বলছি, চিৎকার করে বলছি নিজেকে আনফ্রেন্ড করতে দ্বিধা বোধ করবেন না। অবধারিতভাবেই আমি ধর্ষণের হুমকি পাচ্ছি আর ‘ভালো বন্ধু’দের থেকে ফোনও পাচ্ছি। ধর্ষক মানেই পুরুষ। ‘পুরুষ’ হলে ধর্ষক নন।”
তবে গুলশানারার এমন মন্তব্য ভালোভাবে নেননি নেটিজেনরা। অনেকেই করেছেন তীব্র বিরোধিতা। ‘ফুডকা’ ইন্দ্রজিৎ লাহিড়ী লিখেছেন, “এবারে আমি বলছি… আমাকে আনফ্রেন্ড, ট্রল, শাপশাপান্ত করতে পারেন। যদি চান।”
অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র লেখেন, “এই মন্তব্যে তোমার তীব্র আক্রোশ প্রকাশ পাচ্ছে, তা হয়তো কোনো অতীতের অভিজ্ঞতার জন্য। কিন্তু তা বলে তুমি এটা বলতে পারো না। তোমার দ্রুত আরোগ্য কামনা করি।”
উল্লেখ্য, বাংলা টেলিভিশন তথা নাট্য জগতের পরিচিত মুখ গুলশান আরা। স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত ‘বিজয়া’ ওয়েব সিরিজেও দেখা গিয়েছিল তাকে।
