নেত্রকোণায় বাবরের মুক্তির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ মিছিল

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৪:০৯ পিএম

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে প্রভাবশালী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (১৪ আগস্ট) সকালে নেত্রকোণার মদন উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আসা শুরু করে। এটি এক পর্যয়ে বিক্ষোভ মিছিল থেকে সমাবেশে রূপ ধারণ করে।

এ কর্মসূচিতে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান হাসান চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল কাদির শেখ, উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের সভাপতি এ এইচ পিপুল, সাধারণ সম্পাদক শামীম হাসান, পৌর ছাত্রদলের সভাপতি মাহমুদুর রহমান মিটু, কলেজ ছাত্রদলের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক সায়মন আকন্দ লিমন প্রমূখ।

বক্তারা বলেন, “লুৎফুজ্জামান বাবর বিএনপির একজন সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তাকে আওয়ামী লীগের সরকারের স্বৈরাচারি শেখ হাসিনা ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় ফরমায়েশী মৃত্যুদন্ডের আদেশ দেন। তাকে গ্রেনেড হামলা ও ১০ ট্রাক অস্ত্রসহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে দীর্ঘ ১৭ বছর কারাগারে রাখা হয়েছে। এসব মিথ্যা মামলা বাতিল করে অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।”

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়মী লীগের সমাবেশে গ্রেনেড হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। লুৎফুজ্জামান বাবর ২০০৭ সাল থেকে কারাগারে আছেন। এ ছাড়া ১০ ট্রাক অস্ত্র মামলায়ও তিনি মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি। জ্ঞাত বহির্ভূত আয় মামলায় তাকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০০১ সালে লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা-৪ (মদন,মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত