‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না চীন’

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৫:২৫ পিএম

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, পট পরিবর্তন এবং সার্বভৌমত্বের প্রশ্নে চীন হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেনের সৌজন্য সাক্ষাৎ শে‌ষে তিনি এ কথা বলেন।

ইয়াও ওয়েন বলেন, চীন কঠোরভাবে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, পট পরিবর্তন এবং সার্বভৌমত্বের প্রশ্নেও হস্তক্ষেপ করবে না চীন।

তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও বাংলাদেশে ব্যাপক পরিবর্তন এসেছে। আশা করি বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত গ্রহণ করবে। বাংলাদেশের সঙ্গে সম্পর্কে রক্ষায় চীন সবসময় গুরুত্ব দিয়ে থাকে। বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী চীন।

এ সময় চীনা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আগামী বছর দুই দেশের সম্পর্কের ৫০ বছর উদযাপন করবে। আমরা রোহিঙ্গা ইস্যুসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত