শহীদদের স্মরণে রাজধানীতে মোমবাতি প্রজ্বালন

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১০:০২ পিএম

কোটা সংস্কার এবং সরকারবিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে রাজধানীতে পদযাত্রা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শাহবাগ মোড় থেকে সায়েন্সল্যাব মোড় হয়ে ধানমন্ডির ২৭ নম্বরের রাপা প্লাজা পর্যন্ত এই পদযাত্রায় হাজারেরও অধিক শিক্ষার্থী অংশ নেন।

রাপা প্লাজার সামনে গিয়ে সন্ধ্যায় তারা কোটা সংস্কার আন্দোলনে নিহত রেসিডেনসিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফাইয়াজসহ সকল শহীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বালন ও দোয়া করেন।

গত ১৮ জুলাই রাপা প্লাজার সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ এবং পুলিশের সংঘর্ষে পুলিশের রাবার বুলেটে গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদপুর সিটি হাসপাতালে মৃত্যু হয় একাদশ শ্রেণির ছাত্র ফাইয়াজের। ‘আওয়ামী লীগের প্রতিবিপ্লব’ ঠেকাতে ৪ দফা দাবি নিয়ে 'রেজিস্ট্যান্স উইক' কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনকারীরা এই পদযাত্রার আয়োজন করেছে।

পদযাত্রায় শিক্ষার্থীরা ‘খুনি হাসিনার দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘বিচার বিচার বিচার চাই, খুনি হাসিনার বিচার’, ‘সন্ত্রাসীদেরকালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগান দেন।

পদযাত্রার শুরুতে শাহবাগে আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা আমাদের টুটি চেপে ধরেছে, আয়নাঘর প্রতিষ্ঠা করেছে, আমাদের শিবির ট্যাগিং দিয়েছে, হলে হলে নির্যাতন করেছে, আমাদের ভাইদের অমানুষিক মধ্যযুগীয় কায়দায় অত্যাচার করেছে, আমাদের বোনদের ছাত্রলীগ-যুবলীগ যেভাবে হামলা-নির্যাতন করেছে তারা যদি আর কখনও এই বাংলার মাটিতে যড়যন্ত্র করতে চায় তাদের প্রতিরোধ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত