১৫ আগস্ট যে কর্মসূচি দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১১:২৩ পিএম

সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ এর অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) সারা দেশে ‘সর্বাত্মক অবস্থান কর্মসূচি’ ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি অনুযায়ী আগামীকাল সকাল ১০টায় রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় জমায়েত করবে শিক্ষার্থীরা।

আজ বুধবার (১৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ১৫ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ এর অংশ হিসেবে সারা দেশে ‘সর্বাত্মক অবস্থান কর্মসূচি’। সারা দেশের সকল ছাত্রজনতাকে উক্ত কর্মসূচি সফল করার জন্য আহবান জানাচ্ছি।

এর আগে গতকাল মঙ্গলবার শেখ হাসিনার বিচার সহ চার দফা দাবি প্রদান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দাবি সমূহ হলো :

১. ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।

২. সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও চৌদ্দ দলসহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় যারা অংশগ্রহণ করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে।

৩. প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র—জনতার অভ্যুত্থানে হামলা, মামলা, এবং হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদ বারংবার কায়েমের চেষ্টা করেছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও বিচার নিশ্চিত করতে হবে ।

৪. প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত